প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:৩৫ পিএম
হারিয়ে যেতে বসেছে ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী তাঁতশিল্প। ছবি : সময়ের আলোহারিয়ে যেতে বসেছে ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী তাঁতশিল্প। জেলার ভূল্লী উপজেলার কিসমত কেশুরবাড়ি গ্রামে একসময় পাঁচ শতাধিক বাড়িতে তাঁতের কাজ চললেও পুঁজির অভাবসহ নানা সংকটে পেশা বদলাতে বাধ্য হচ্ছেন তাঁতিরা। হারিয়ে যেতে বসা এই শিল্পকে বাঁচাতে সহজ শর্তে ঋণসহ কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন তারা।
একসময় যে গ্রামের প্রতিটি বাড়িতে দিনরাত চলত তাঁত বোনার কাজ, আজ সেসব বাড়ির অধিকাংশ তাঁতই বন্ধ। জীবিকার তাগিদে পেশা পরিবর্তন করছেন তাঁতিরা। ফলে সংকটের মুখে পড়েছে কয়েক প্রজন্মের ঐতিহ্যবাহী এই শিল্প। যে গ্রামের পরিচয় ছিল ‘তাঁতপল্লী’ নামে, আজ সেই নামটাই যেন বিলুপ্তির পথে। তাঁতের খটখট শব্দের পরিবর্তে এখন পুরো গ্রামে এক অদ্ভুত নীরবতা। যে সুতোয় জীবনের গল্প বোনা হতো, তাঁতের মাকুতে আর জড়ানো হয় না সেই সুতো। হাতেগোনা কয়েকটি পরিবার বাপ-দাদার ঐতিহ্য ধরে রাখলেও লাভের দেখা পাওয়া দুষ্কর। তবু তাঁতিদের চোখে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন এখনও মরেনি।
তাঁতিরা জানান, আগে এই পেশায় অনেক লাভ হতো। বর্তমানে লাভ তো দূরের কথা, খরচই উঠছে না। সুতা, রংসহ সবকিছুর দাম বেড়ে যাওয়ায় ভালো পণ্য তৈরি করা যাচ্ছে না।
তাঁতিদের দাবি, সরকারি-বেসরকারি সহযোগিতা, সহজ শর্তে ঋণ ও প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে আবারও ঘুরে দাঁড়াতে পারে এই শিল্প।
এ বিষয়ে ঠাকুরগাঁও বিসিক জেলা কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা মো. আরমান আলী বলেন, তাঁতের ঐতিহ্য ধরে রাখতে ‘একটি গ্রাম-একটি পণ্য’ প্রকল্পের জন্য জেলার ৫টি ঐতিহ্যবাহী শিল্পের নাম পাঠানো হয়েছে। অনুমোদন হলে বদলে যাবে তাঁতশিল্পীদের জীবনমান। পণ্যের মান বৃদ্ধি পেলে এখানকার তৈরি পণ্য বিদেশেও রফতানি করা যাবে বলে জানান বিসিক কর্মকর্তা।
‘তাঁতের প্রতিটি সুতোয় জড়িয়ে আছে জেলার ঐতিহ্য আর অসংখ্য মানুষের স্বপ্ন। তাঁতশিল্প বাঁচাতে আবারও মাকুতে সুতো ভরা হবে, খটখট আওয়াজে ভরে উঠবে কিসমত কেশুরবাড়ি গ্রাম’— এমনটাই প্রত্যাশা তাঁতিদের।
সময়ের আলো/আতা