রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সময়ের আলোনওগাঁর রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে ও আলট্রাসনোগ্রামের ফি বাবদ রসিদ ছাড়া টাকা নেওয়া এবং টেন্ডার ছাড়াই চিকিৎসা সরঞ্জাম সরবরাহের মতো গুরুতর অনিয়মের অভিযোগ উঠলেও অভিযুক্ত স্বাস্থ্য কর্মকর্তা ও দুই কর্মচারী বহাল তবিয়তে রয়েছেন। ঘটনার পর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হলেও এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি।
এর আগে গত ৪ নভেম্বর দৈনিক সময়ের আলোসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে 'রসিদ ছাড়াই নেওয়া হচ্ছে এক্সরে-আলট্রার টাকা, নয়ছয়ের অভিযোগ' শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এর আগে গত ২১ ও ২৫ নভেম্বর 'স্বাস্থ্যকমপ্লেক্সের টেন্ডারকৃত চিকিৎসা সরঞ্জাম সরবরাহে অনিয়মের অভিযোগ' শিরোনামেও একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।
প্রতিবেদন প্রকাশের পর দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের দাবি, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে; তবে কবে এবং কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানেন না ভুক্তভোগী ও সচেতন নাগরিকরা।
খোঁজ নিয়ে জানা যায়, ৫০ শয্যাবিশিষ্ট এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে ৫০০ রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। জরুরি বিভাগে প্রতিদিন গড়ে ২০ থেকে ৩০টি এক্স-রে এবং ১০ থেকে ১৫ জনের আলট্রাসনোগ্রাম করা হয়। সপ্তাহে ছয় দিন এক্স-রে ও তিন দিন আলট্রাসনোগ্রামের পরীক্ষা হলেও এসব সেবার বিপরীতে রোগীদের কাছ থেকে কোনো সরকারি রসিদ দেওয়া হয় না।
অভিযোগ রয়েছে, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. কে এইচ এম ইফতেখারুল আলম খান নিজেই ২২০ টাকার বিনিময়ে সেবাগ্রহীতাদের আলট্রাসনোগ্রাম করেন, তবে কোনো রসিদ দেন না। একইভাবে তার সাহসে আউটসোর্সিং কর্মী সবুজও রসিদ ছাড়া ২১০ টাকা নিয়ে এক্স-রে করে দেন।
স্থানীয়দের অভিযোগ, আদায় করা এসব অর্থ (ইউজার ফি) জমা দেওয়ার দায়িত্বে থাকা স্টোরকিপার সাদেকুল ইসলামের যোগসাজশে কর্মকর্তা ও কর্মচারীরা মিলে সরকারি অর্থ নয়ছয় করছেন। সংগৃহীত অর্থ সরকারি কোষাগারে জমা হচ্ছে কি না, তা নিয়েও গুরুতর প্রশ্ন উঠেছে।
গত ২৯ অক্টোবর ও ৩ নভেম্বর সরেজমিন পরিদর্শনে এই রসিদবিহীন অর্থ আদায়ের চিত্র দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, ওই কর্মকর্তাকে কেন্দ্র করে একটি সিন্ডিকেট গড়ে ওঠায় কোনো রকম রসিদ ছাড়াই রোগীদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে, যা স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনার পরিপন্থি।
এদিকে স্টোরকিপার সাদেকুল ইসলামের বিরুদ্ধেও ছুটির দিনে অনিয়মের মাধ্যমে চিকিৎসা সরঞ্জাম গ্রহণের অভিযোগ রয়েছে। গত ২০ অক্টোবর সকালের দিকে একটি ট্রাকে করে কিছু সরঞ্জাম স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয় এবং সেগুলোর একটি অংশ স্টোররুমে রাখা হয়। এ সময় চালানের কাগজ দেখতে চাওয়া হলে স্টোরকিপার তা দেখাতে ব্যর্থ হন। ছুটির দিনে ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্যদের উপস্থিতি ছাড়া কীভাবে মালামাল গ্রহণ করা হলো, সে বিষয়েও তিনি কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।
স্থানীয়দের আশঙ্কা, সাদেকুল ইসলামের এই যোগসাজশের কারণে ঠিকাদাররা কম পরিমাণ চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করলেও কাগজে-কলমে তা সঠিক বলে দেখানো হতে পারে।
জনশ্রুতি রয়েছে, অভিযুক্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. কে এইচ এম ইফতেখারুল আলম খান প্রায় সাত বছর ধরে একই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করছেন এবং পদোন্নতি পাওয়ার পরও তদবির করে একই প্রতিষ্ঠানে বহাল রয়েছেন। একইভাবে দীর্ঘদিন ধরে এই হাসপাতালেই কর্মরত আছেন স্টোরকিপার সাদেকুল ইসলাম।
এ বিষয়ে নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ মুঠোফোনে জানান, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সিভিল সার্জন স্যারকে বলা হয়েছে।
নওগাঁর সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম জানান, বিষয়টি গণমাধ্যমে দেখার পরই তিনি তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটির প্রতিবেদনে অনিয়মের প্রমাণ মিললে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া স্টোরকিপার সাদেকুল ইসলামের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
তবে সচেতন মহলের দাবি, রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে ওঠা প্রতিটি অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দ্রুত দৃশ্যমান শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করা হোক।
সময়ের আলো/আতা