প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:০০ পিএম
গ্রেফতার সনেট মোল্লা। ছবি : সংগৃহীত নরসিংদীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৭ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী রাকিব মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) বিকালে সদর মডেল থানা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশিকুর রহমান।
এর আগে রোববার দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার বান্টি ও নরসিংদীর শালিধা থেকে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া সনেট (৩৮) নরসিংদী পৌর শহরের সাটিরপাড়া মহল্লার বাদল মোল্লার ছেলে ও সহযোগী শ্যালক রাকিব মিয়া (২৮) শালিধা এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে।
মো. আশিকুর রহমান জানান, জেলার শীর্ষ সন্ত্রাসী সনেটকে গোপন তথ্যের ভিত্তিতে গতরাতে সদর থানা পুলিশ নারায়ণগঞ্জ জেলার পাঁচরুখী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে আটক করে। পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য ও তার দেখানো মতে নরসিংদী শহরের শালিধা মহল্লার মানিক মিয়ার পেছনের ফাঁকা জায়গা হতে অবৈধ ১টি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি জব্দ করা হয়। এলাকায় আধিপত্য বিস্তারসহ চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য সে অস্ত্র ও গুলি মজুদ রেখেছিল বলে জানায়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।
একই রাতে পৃথক অভিযানে সনেটের সহযোগী ১১ মামলার আসামি রাকিবকেও গ্রেফতার করে ডিবি। সনেট মোল্লার বিরুদ্ধে এর আগে ডাকাতি, হত্যা, অপহরণ, মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে নরসিংদীসহ বিভিন্ন জেলায় ২৯টি মামলা রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান।
সময়ের আলো/এনএন