ক্লাস চলাকালে বজ্রপাত, ১৭ শিক্ষার্থীসহ শিক্ষিকা আহত। ছবি : সময়ের আলোখাগড়াছড়ির রামগড় উপজেলায় ক্লাস চলাকালীন বজ্রপাতে ১৭ জন শিক্ষার্থী ও এক শিক্ষিকা আহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) বিকেল উপজেলার লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। তবে আহতদের কারও অবস্থাই গুরুতর নয় বলে জানা গেছে।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে যথারীতি স্কুল চলছিল। হঠাৎ বিকট শব্দে বিদ্যালয়ের আঙিনায় অবস্থিত একটি বড় গাছের ওপর বজ্রপাত হয়। বজ্রপাতের তীব্রতায় আগুনের ফুলকি চারদিকে ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ সময় বিদ্যালয়ের টিনশেড ভবনের পাশাপাশি দুটি শ্রেণিকক্ষে তৃতীয় ও চতুর্থ শ্রেণির পাঠদান চলছিল। আকস্মিক বিকট শব্দ, তীব্র আলোর ঝলকানি ও তাপের কারণে আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করতে গিয়ে এবং অতিরিক্ত ভয়ে শিক্ষার্থীরা আহত ও অসুস্থ হয়ে পড়ে। চতুর্থ শ্রেণির ক্লাসে পাঠদানরত শিক্ষিকা শাহনা আফরোজ লায়লাও এ সময় অসুস্থ হয়ে পড়েন।
আহত শিক্ষার্থীরা হলেন, তৃতীয় শ্রেণির শিক্ষার্থী- নুসরাত, সিয়াম, আরজু, নাঈম ও রিমি। চতুর্থ শ্রেণির শিক্ষার্থী- সালমা, ফারহানা, সুমাইয়া, ফাহিমা, ফারজানা, নাদিয়া, উক্রাসিং, সুরাইয়া, অন্য সালমা, সানজিদা, আব্দুর রহিম ও ফারহানা।
এছাড়া, আহত শিক্ষিকা শাহনা আফরোজ লায়লা বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফা আকতার জানান, বিকাল ৩টা ৪৫ এর দিকে হঠাৎ করেই বিকট শব্দে বজ্রপাত হয়ে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে। শিশুরা প্রচণ্ড ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়ে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় দ্রুত আহতদের উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
জরুরি বিভাগের চিকিৎসক অন্তু বড়ুয়া জানান, আহত শিক্ষার্থীদের কারো শরীরে সরাসরি বজ্রপাতের আঘাতের চিহ্ন নেই। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সব শিক্ষার্থী ও শিক্ষককে পাঠিয়ে দেওয়া হয়েছে।
সময়ের আলো/আতা