প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৭:৪৩ পিএম
সার না পেয়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করেছেন কৃষকরা। ছবি : সময়ের আলোরাজশাহীর গোদাগাড়ীতে ডিএপি সার না পেয়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করেছেন চার শতাধিক কৃষক। সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার হাতনাবাদ এলাকায় তারা মহাসড়কে অবস্থান নেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে প্রায় ৩০ মিনিট পর অবরোধ তুলে নেন কৃষকেরা।
স্থানীয় সূত্র জানায়, হাতনাবাদ এলাকায় বিসিআইসির সার ডিলার মেসার্স মানিক ট্রেডার্সে ১৫০ বস্তা ডিএপি সার মজুত ছিল। এবং এর পাশেই বিএডিসির ডিলার মেসার্স মোশাররফ হোসেনের প্রতিষ্ঠানে আরও ১৫০ বস্তা সার বিক্রির জন্য মজুত ছিল।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেসার্স মানিক ট্রেডার্স সার বিক্রি করেন। বিকেলে মোশাররফ হোসেনের গুদামের ডিএপি সার বিক্রির কথা ছিল। তবে মজুতের তুলনায় উপস্থিত কৃষকের সংখ্যা বেশি হওয়ায় সবাই সার পাবেন না— এমন আশঙ্কা থেকে তারা সড়ক অবরোধ করেন বলে জানা গেছে।
এদিকে, সার নিয়ে কোনো সংকট নেই বলে দাবি করেছেন মানিক ট্রেডার্সের ডিলার হাবিবুর রহমান। তার অভিযোগ, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মাহফুজুর রহমান ডালিম নতুন ডিলারশিপের আবেদন করেও পাননি। ডিলারশিপ পেয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানের ভাই মাইনুল হক। এ কারণে পরিস্থিতি ঘোলাটে করতে মাহফুজুর রহমান ডালিম কৃষকদের দিয়ে মহাসড়ক অবরোধ করিয়েছেন।
তবে, অভিযোগ অস্বীকার করেছেন মাহফুজুর রহমান ডালিম। তিনি বলেন, আমি কৃষকদের শান্ত করতে গিয়েছিলাম।
ইউএনও ইসরাত জাহান বলেন, ৩০ মিনিটের মতো মহাসড়ক অবরোধ ছিল। যানজট হয়েছিল। আমরা খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছি। তাদের কিছু অভিযোগ ছিল। সেগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছি। এরপর তারা অবরোধ তুলে নিয়েছেন।
সময়ের আলো/আতা