প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৮:২১ পিএম
প্রতীকী ছবিনারায়ণগঞ্জে ফার্নেস অয়েলবাহী ট্যাংকলরির ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মো. রাতুল (২২) নামে যুবকের মৃত্যু হয়েছে। তাকে উদ্ধার করতে গিয়ে অচেতন হয়ে পড়েন ম্যানেজার মো. ফারুক (৪২)। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
রোববার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ঢাকেশ্বরী এলাকার সাউদ বাড়িসংলগ্ন নতুন রাস্তায় এ ঘটনা ঘটে। রাতুল ওই এলাকার আমিজ উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া কুদ্দুস আলীর ছেলে। তিনি জ্বালানি তেল সরবরাহকারী ট্যাংকলরিতে সহকারী হিসেবে কাজ করতেন।
পুলিশ জানায়, ট্যাংক পরীক্ষা করতে ভেতরে ঢুকে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন রাতুল। তাকে উদ্ধারের জন্য ফারুক ট্যাংকের ভেতরে ঢুকলে তিনিও অচেতন হয়ে পড়েন।
স্থানীয়রা দুজনকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক রাতুলকে মৃত ঘোষণা করেন। ফারুককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ আরও জানায়, খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক ইউসুফ রাতুলের বাড়িতে যান। সেখানে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নেওয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সময়ের আলো/এনএন