ডাচেস সোফি হেলেন রাইস-জোনস। ছবি : সংগৃহীতরোহিঙ্গা শরণার্থীদের দেখতে আগামীকাল মঙ্গলবার কক্সবাজারের উখিয়ার চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছেন যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য এডিনবরার ডাচেস সোফি হেলেন রাইস-জোনস। তার সফরকে কেন্দ্র করে ক্যাম্পের ভেতরে ও বাইরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
সফরসূচি অনুযায়ী, উখিয়ার ৪, ৫, ১৮ ও ২০ নম্বর বর্ধিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। এ সময় বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম ঘুরে দেখার পাশাপাশি রোহিঙ্গা নারী ও শিশুদের জীবনযাত্রা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও খাদ্যনিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেবেন। ক্যাম্পে শিক্ষা কেন্দ্র, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কার্যক্রম, নারীদের বহুমুখী কেন্দ্র, সাবান তৈরির কারখানা, নারী বাজার এবং প্রতিবন্ধী নারী ও শিশুদের সহায়তা কার্যক্রম পরিদর্শনের কথা রয়েছে।
সফর ঘিরে নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক সিরাজ আমিন বলেন, রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে নিরাপত্তার দায়িত্ব পালন করবে এপিবিএন। ক্যাম্পের বাইরে দায়িত্বে থাকবে পুলিশ। সফরকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিকে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, ডাচেস অব এডিনবরার সফর উপলক্ষ্যে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে।
৯ থেকে ১২ নভেম্বর পর্যন্ত চার দিনের বাংলাদেশ সফরে তিনি ঢাকা ও কক্সবাজারের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। সফরে নারীর ক্ষমতায়ন, বাংলাদেশ-যুক্তরাজ্য অংশীদারত্ব এবং রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তার বিষয়গুলো গুরুত্ব পাবে।
সোমবার ঢাকায় পৌঁছে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিআইপিএসওটি) ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শন করবেন। সেখানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা এবং শান্তি ও নিরাপত্তায় নারীদের অংশগ্রহণ নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেএসপিতে নারী হকি খেলোয়াড়সহ তরুণ অ্যাথলেটদের সঙ্গে সাক্ষাতেরও কর্মসূচি রয়েছে।
ব্রিটিশ হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকায় সফরকালে ডাচেস রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সময় নারী ও কন্যাশিশুদের কল্যাণ, সুরক্ষা ও ক্ষমতায়নে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সেখানে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় এবং নারী ক্ষমতায়ন জোরদারে তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন। আন্তর্জাতিক বেসরকারি সংস্থার প্রতিনিধি, ব্রিটিশ হাইকমিশনের কর্মকর্তা ও মানবিক সহায়তা সংস্থার কর্মীদের সঙ্গেও তার মতবিনিময়ের কর্মসূচি রয়েছে।
যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের অনুরোধে বাংলাদেশ সফর করছেন ডাচেস সোফি। এর আগে ২০১৭ সালে তিনি বাংলাদেশ সফর করেছিলেন। আগামী ১২ নভেম্বর ভোরে ঢাকা ত্যাগের মধ্য দিয়ে তার এবারের সফর শেষ হওয়ার কথা রয়েছে।
সময়ের আলো/এনএন