নোয়াখালী প্রেসক্লাব অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার। ছবি : সময়ের আলোনোয়াখালীর হাতিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় পরিবারের নারীদের মারধর ও নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে নোয়াখালী প্রেসক্লাব অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য আয়োভিনা বেগম।
লিখিত বক্তব্যে তিনি জানান, তার ভাই মো. রাজিব উদ্দিন এনসিপি সমর্থিত সংগঠন জাতীয় শ্রমিক শক্তির হাতিয়ার সুখচর ইউনিয়ন শাখার আহ্বায়ক এবং উপজেলা শ্রমিক শক্তির যুগ্ম আহ্বায়ক। তিনি আসন্ন সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ সৃষ্টি করছে।
এরই ধারাবাহিকতায় গত ৩০ অক্টোবর রাতে উপজেলার সুখচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে রাজিব উদ্দিনের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ করেন আয়োভিনা বেগম। তার দাবি, বর্তমান প্যানেল চেয়ারম্যান সালাউদ্দিন ওরফে সালাউদ্দিন ডাকাত এবং নাজিম মোল্লা ওরফে নাজিম ডাকাতের নির্দেশে এ হামলা চালানো হয়।
আয়োভিনা বেগম আরও অভিযোগ করেন, অভিযুক্তদের প্রত্যক্ষ ইন্ধনে সাকিব, রাকিব, সোহেল, আকতার ও সুজন ডাকাতের নেতৃত্বে একদল লোক বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় বাধা দিতে গেলে পরিবারের নারীদের মারধর ও শারীরিক নির্যাতন করা হয়। হামলাকারীরা গলায় অস্ত্র ঠেকিয়ে প্রাণনাশের হুমকিও দেয়।
পরিবারের দাবি, হামলাকারীরা ঘরের আলমারি, শোকেস ও ওয়ারড্রোব ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে। ভাঙচুরে প্রায় ২ লাখ ২৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া লুট হওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থের পরিমাণ প্রায় ৩৮ লাখ ৪০ হাজার টাকা। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ ৬৫ হাজার টাকা।
আয়োভিনা বেগমের অভিযোগ, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও পুলিশ মামলা নেয়নি। তিনি আরও দাবি করেন, অভিযুক্তরা একাধিক হত্যা, গুম, লুটপাট, ডাকাতি ও ধর্ষণ মামলার আসামি এবং আওয়ামী লীগের দোসর।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, স্থানীয় সংসদ সদস্য বিষয়টি পুলিশকে জানানোর পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হাতিয়ায় এ ধরনের ঘটনা ঘটার সুযোগ নেই। তবে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/এনএন