প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:৫৯ পিএম
লোহাগাড়া থানা। ছবি : সময়ের আলোলোহাগাড়ায় নুরুল আলম (৫৫) নামে এক অটোরিকশাচালককে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে আটার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের পশ্চিম তৈয়বের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত নুরুল আলম সাতকানিয়া পৌরসভার মাইজপাড়া এলাকার মৃত কবির আহমদের ছেলে। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।
বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের ভাষ্য, রাত সাড়ে ৮টার দিকে পশ্চিম তৈয়বের পাড়া বায়তুল মামুর জামে মসজিদের উত্তর পাশে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। দুর্বৃত্তরা তাকে হত্যার চেষ্টা করে অটোরিকশাটি নিয়ে পালায়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ বলেন, খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর ইসলাম সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
সময়ের আলো/আতা