প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:৪৪ এএম
ছবি : সংগৃহীত মানিকগঞ্জে পুলিশ সুপারের বাসভবন, পুলিশ ফাঁড়ি, বাসস্ট্যান্ড ও রাজনৈতিক কার্যালয়সহ জেলার বিভিন্ন স্থানে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত এসব বিস্ফোরণ ঘটে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জেলা শহরের সরকারি উচ্চবিদ্যালয় মাঠ, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, গোলড়া স্ট্যান্ড, সাটুরিয়ার নয়াডিঙ্গী, জেলা বিএনপি কার্যালয়, জেলা আওয়ামী লীগের সাবেক কার্যালয়, ঘিওর বাসস্ট্যান্ড, পাটুরিয়া পুলিশ ফাঁড়ি এবং পুলিশ সুপারের বাসভবনের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা পৌনে ৭টার দিকে জেলা শহরের সরকারি উচ্চবিদ্যালয় মাঠের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এরপর রাত পৌনে ৮টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে দুটি, সাড়ে ৮টার দিকে সাটুরিয়ার নয়াডিঙ্গীতে দুটি এবং গোলড়া স্ট্যান্ডে একটি ককটেল বিস্ফোরণ ঘটে।
পরে জেলা বিএনপি কার্যালয় ও জেলা আওয়ামী লীগের সাবেক কার্যালয়ের সামনে একটি করে ককটেল বিস্ফোরিত হয়। রাত সাড়ে ১০টার দিকে ঘিওর বাসস্ট্যান্ড ও পাটুরিয়া পুলিশ ফাঁড়ির সামনে বিস্ফোরণের খবর পাওয়া যায়। সবশেষ রাত সাড়ে ১১টার দিকে পুলিশ সুপারের বাসভবনের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়।
স্থানীয়দের দাবি, কয়েকটি স্থানে মোটরসাইকেলে করে আসা ব্যক্তিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ বিভিন্ন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এদিকে এসব বিস্ফোরণের প্রতিবাদে রাতেই মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ সময় তারা ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, পুলিশ সুপারের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের শব্দ পেয়ে দ্রুত সেখানে পুলিশ পাঠানো হয়। শহরের অন্য স্থানগুলোতে বিস্ফোরণের খবর পেয়েও তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পুলিশের টহল জোরদার করা হয়েছে। নাশকতা ঠেকাতে পুলিশ সচেষ্ট রয়েছে।
সময়ের আলো/জেডি