প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:৫৩ এএম
সাভার-ধামরাইয়ে পার্কিংয়ে থাকা আরও দুই বাসে আগুন। ছবি : সংগৃহীতসাভার ও ধামরাইয়ে পৃথক স্থানে পার্কিং করে রাখা দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে এসব ঘটনা ঘটে। প্রাথমিকভাবে দুটি ঘটনাতেই নাশকতার আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টার দিকে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১টার দিকে ধামরাই উপজেলা ভূমি অফিসের সামনে পার্কিং করে রাখা একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল-আমিন খান জানান, বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে বাসটিতে আগুন দেওয়া হয়েছে।
অন্যদিকে, রাত ২টা ৮ মিনিটে সাভার পৌর এলাকার ময়লার মোড়ে সাভার পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিটের চেষ্টায় রাত ২টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, ময়লার মোড় এলাকায় একসঙ্গে প্রায় ১৫ থেকে ২০টি বাস পার্কিং করা ছিল। এর মধ্যে একটি বাসে আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতাকারীরা বাসটিতে আগুন দিয়েছে।
সময়ের আলো/জোই