প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:০২ এএম
গ্রেফতার আবু রেজা খান ও শামীম হোসেন। ছবি : সময়ের আলোবগুড়ার আদমদীঘিতে সাইবার সুরক্ষা আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) দুপুরে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবু রেজা খান (৫৭) ও চাঁপাপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, আবু রেজা খান আদমদীঘি উপজেলা সদরের ডহরপুর গ্রামের মৃত মোজাম্মেল হোসেন খানের ছেলে। অন্যদিকে শামীম হোসেন চাঁপাপুর ইউনিয়নের পালনকুড়ি গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে।
আদমদীঘি থানা-পুলিশ জানায়, চলতি বছরের ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি হিসেবে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাকিব আল হাসানের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী একত্রিত হন। তালশন কালিবাড়ি মোড় এলাকার একটি চায়ের দোকানের পেছনে তাদের অবস্থানের বিষয়ে গোপন তথ্য পেয়ে পুলিশ অভিযান চালায়।
পুলিশের দাবি, ওই নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় নাশকতা, অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড, মহাসড়কে যানবাহন ভাঙচুর, সড়কের ক্ষতিসাধন ও সরকারি স্থাপনা বিনষ্ট করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছিলেন। অভিযানে সাকিব আল হাসানকে ১৫ ফুটের একটি ব্যানারসহ গ্রেফতার করা হয়।
এ ঘটনায় ২১ জুন আদমদীঘি থানায় সাইবার সুরক্ষা বিশেষ ক্ষমতা আইনে ৩০ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম বলেন, সোমবার দুপুরে গ্রেফতার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
সময়ের আলো/জোই