প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:২৬ এএম
অগ্নিকাণ্ডে বসতঘর ও দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ছবি : সময়ের আলোবান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬টি বসতঘর ও দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১৬টি পরিবারের ঘরবাড়ি ও সহায়-সম্বল পুড়ে গেছে। আগুনের সূত্রপাত একটি ঘর থেকে। ওই ঘরের চুলায় রান্না বসিয়ে এক বিধবা নারী পাশের বাড়িতে টেলিভিশন দেখতে গিয়েছিলেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার তারাছা ইউনিয়নের দুর্গম বড়ইতলী পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতে ওই নারী নিজের ঘরের চুলায় রান্না বসিয়ে পাশের একটি বাড়িতে টেলিভিশন দেখতে যান। কিছুক্ষণ পর তার ঘর থেকে আগুনের শিখা দেখা যায়। বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী আগুন নেভানোর চেষ্টা করেন। তবে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ১৬টি বসতঘর ও দুটি দোকান পুড়ে যায়। আগুনের তীব্রতার কারণে কোনো পরিবারই ঘর থেকে মালামাল বের করতে পারেনি।
বড়ইতলী পাড়ার কারবারি (পাড়া প্রধান) চিংসামং মারমা বলেন, রাতে এক বিধবা নারী চুলায় রান্না বসিয়ে অন্যের বাড়িতে টেলিভিশন দেখতে যান। পরে তার ঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। কেউ ঘর থেকে কোনো জিনিসপত্র বের করতে পারেননি।
তারাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য উমংসিং মারমা বলেন, অগ্নিকাণ্ডে ১৬টি বসতঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলেও দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে ফিরে যেতে বাধ্য হন। রাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পরিষদের সদস্য চনুমং মারমা ও মাওসেতু তঞ্চঙ্গ্যা। পরিদর্শন শেষে তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে শুকনা খাবার বিতরণ করেন। এ সময় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরবর্তী সময়ে আরও সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তারা।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, তারাছা ইউনিয়নের বড়ইতলী পাড়ায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ১৬টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
সময়ের আলো/জোই