প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:১৯ এএম
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে ছয়টি দোকান পুড়ে গেছে। ছবি : সময়ের আলোকুড়িগ্রাম শহরের কলেজ মোড় এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে ছয়টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৪টার দিকে দোয়েল চত্বর সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে একটি কম্পিউটারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে একটি কম্পিউটারের দোকান, একটি রেস্টুরেন্ট ও একটি ফুলের দোকানসহ মোট ছয়টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রেস্টুরেন্ট মালিক শাহ আলম বলেন, আগুনে তার দোকানের সবকিছু পুড়ে গেছে। এমনকি ঘরের টিনও অবশিষ্ট নেই। এ ঘটনায় তিনি চরম দুশ্চিন্তায় পড়েছেন।
কম্পিউটার দোকানের মালিক বিপুল কুমার জানান, ধারদেনা করে কেনা একটি কম্পিউটার, একটি ফটোকপি মেশিন, একটি লেমিনেটিং মেশিনসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এখন কী করবেন, তা বুঝতে পারছেন না।
ফুল ব্যবসায়ী মানিক মিয়া বলেন, দোকানে প্রায় ৩০ হাজার টাকার ফুল রেখে রাত ১২টার দিকে বাসায় ফিরেছিলেন। সকালে এসে দেখেন, আগুনে সব ফুল পুড়ে গেছে।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের রিডার নুরে আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে ছয়টি দোকান পুড়ে গেছে এবং প্রায় ২০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
সময়ের আলো/জোই