প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:১৪ এএম
চন্দ্রা এলাকায় পুড়ে যাওয়া কাভার্ডভ্যান। ছবি : সময়ের আলোগাজীপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে রাস্তার পাশে পার্কিং করে রাখা একটি শ্রমিকবাহী বাস ও একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) রাতে কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় কাভার্ডভ্যান এবং মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে হোতাপাড়ায় একটি বাসে আগুন দেওয়া হয়। দুটি ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া মনিপুর এলাকার শ্যামলী মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটি বিভিন্ন কারখানার শ্রমিক আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো।
খবর পেয়ে রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে সোমবার রাত ১১টার দিকে কালিয়াকৈরের চন্দ্রা-নবীনগর মহাসড়কের হাজীবাড়ী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়া হয়। এতে গাড়িটির সামনের অংশ পুড়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ১১টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, চন্দ্রা ত্রিমোড়ের অদূরে একটি কাভার্ডভ্যানে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ আবুল সায়েম মাসুম জানান, হোতাপাড়ার মনিপুর এলাকার শ্যামলী মোড়ে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি বাসে ভোরে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
সময়ের আলো/জোই