পল্লবীর সিরামিক রোডে দুর্বৃত্তদের আগুনে পুড়ছে বাস। ছবি : সংগৃহীত রাজধানী ঢাকায় একের পর এক বাসে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতের কয়েক ঘণ্টার ব্যবধানে মহাখালী, পল্লবী, বাড্ডা ও রামপুরায় চারটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। পাশাপাশি মোহাম্মদপুরের পাঁচটি স্থান এবং যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রাত সোয়া ১১টার দিকে রামপুরা ব্রিজসংলগ্ন পুলিশ বক্সের সামনে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এর আগে রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা মিরপুর সুপার লিংক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রাত সাড়ে ৯টার দিকে মহাখালীর আমতলী সড়কে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। পরে রাত সোয়া ১০টার দিকে বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহনের আরেকটি বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহজাহান মিয়া বাসে আগুনের ঘটনাগুলোর তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদপুরে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ
রাজধানীর মোহাম্মদপুরে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের (ডিসি) কার্যালয়সহ পাঁচটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশে দিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটে কৃষি মার্কেট এলাকায়, রাত ৯টা ৪০ মিনিটে আসাদগেটে এবং রাত পৌনে ১০টার দিকে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া বসিলায় র্যাব-২ কার্যালয় ও রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশেও ককটেল বিস্ফোরণ হয়।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কৃষি মার্কেট ও আসাদগেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শ্যামলী এলাকা থেকে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
তিনি আরও জানান, তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে একটি ককটেল নিক্ষেপ করা হলেও সেটি বিস্ফোরিত হয়নি। পরে বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে গিয়ে সেটি নিষ্ক্রিয় করে।
যাত্রাবাড়ীতে ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ
এদিকে, রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভার থেকে নিক্ষেপ করা দুটি ককটেল সামাদ সুপার মার্কেটের সামনে বিস্ফোরিত হয়েছে। মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানান, দুটি ককটেল বিস্ফোরিত হলেও এতে কেউ হতাহত হয়নি।
একের পর এক অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এসব ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করেন।
সময়ের আলো/জেডি