প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:৪১ এএম
রামপুরায় পুলিশ বক্সের সামনে রাইদা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : সংগৃহীত রাজধানীর মহাখালী, পল্লবী ও বাড্ডার পর এবার রামপুরায় যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে রামপুরা ব্রিজসংলগ্ন পুলিশ বক্সের সামনে রাইদা পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহজাহান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, যাত্রীবাহী একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে রাত পৌনে ৯টার দিকে রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে যায়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রাত সাড়ে ৯টার দিকে মহাখালীর আমতলী সড়কে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। এর কিছুক্ষণ পর রাত সোয়া ১০টার দিকে বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সময়ের আলো/জেডি