ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমরা আশা করব আগামীর সরকার ভালো হবে, খারাপও হতে পারে। আমাদের কাঙ্ক্ষিত সরকার নাও হতে পারে। ভালো আশা করব, খারাপের জন্য প্রস্তুত থাকব।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ায় আদালতের অবকাঠামো উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, দীর্ঘদিন পর দেশের মানুষ আবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচন আমাদের জন্য একটি ঐতিহাসিক ক্ষণ। আমরা আশাবাদী, উৎসবমুখর পরিবেশে এ দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। নির্বাচন শেষে নির্বাচিতদের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করব।
আইনের শাসনের গুরুত্ব তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন, আইনের শাসন যদি অনুপস্থিত থাকে, তাহলে ‘মব জাস্টিস কালচার’ শুরু হয়। জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়াই সরকারের মূল অঙ্গীকার। বিচারব্যবস্থাকে সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে যাওয়ার জন্য সরকার কাজ করছে। আদালতের অবকাঠামো উন্নয়ন সেই ধারাবাহিক প্রচেষ্টার অংশ।
তিনি আরও বলেন, এই শতবর্ষী আদালত ভবনের অবকাঠামোতে আমূল পরিবর্তন আনা হবে। একটি আধুনিক বহুতল ভবনে রূপান্তর করা হবে। আমি এ বিষয়ে প্রকৌশলী ও স্থপতিদের সঙ্গে কথা বলেছি।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিচার বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, আইনজীবী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/আআ