নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, কোনো ভোটার যদি যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেন, তাহলে তার ভোট বাতিল হয়ে যাবে। এই বিষয়ে নির্বাচন কমিশন কোনো ছাড় দেবে না।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসি সানাউল্লাহ বলেন, আমাদের এমন একটি পরিবেশ নিশ্চিত করতে হবে, যেখানে বয়স ও লিঙ্গ নির্বিশেষে সবাই ভোট দিতে পারবে। ভোটারদের উৎসাহ ধরে রেখে ভোটগ্রহণকে উৎসবমুখর পরিবেশে করা জরুরি। কোনো ভোটারের ভোট প্রদানে বাধা না দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, পোস্টাল ব্যালট প্রবাস ও দেশ থেকে দুই ভাগে হবে। কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না। কেউ যদি যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে ভোট দেন, তাহলে তার ভোট বাতিল হবে। সাধারণ ব্যালট ও পোস্টাল ব্যালট একই সঙ্গে গণনা করা হবে, তবে পোস্টাল ব্যালটের গণনায় সময় লাগবে। প্রতিটি ব্যালটে ১১৯টি প্রতীক রয়েছে, তাই প্রবাসীদের এ ব্যালটের প্রতীকগুলো এজেন্টদের দেখিয়ে নিশ্চিত করতে হবে তারা কোথায় ভোট দিয়েছেন।
সভায় জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম সভাপতিত্ব করেন। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, নির্বাচন কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, নৌবাহিনী, কোস্টগার্ড, আনসারসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনের আইনশৃঙ্খলা, ভোটের পরিবেশ, গণভোটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
/ইউএমএইচ