রাজধানীর ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে হাবিবুল্লাহ বাহার কলেজ প্রাঙ্গণে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে কলেজে আয়োজিত একটি পিঠা উৎসবে অতিথি হিসেবে উপস্থিত হন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় হঠাৎ করেই একদল ব্যক্তি তাকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন, ফলে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
নাসীরুদ্দীন পাটওয়ারীর মিডিয়া উইংয়ের সদস্য শামিল আবদুল্লাহ অভিযোগ করে বলেন, শিক্ষার্থী সেজে আসা কিছু ব্যক্তি এই হামলায় জড়িত ছিলেন। তার দাবি, হামলাকারীরা মূলত মির্জা আব্বাসের অনুসারী।
আরও পড়ুন
ঘটনাস্থলে ধারণ করা বিভিন্ন ভিডিওতে দেখা যায়, হামলার সময় একদল ব্যক্তি ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। অপরদিকে নাসীরুদ্দীন পাটওয়ারীর সমর্থকরা ‘আল্লাহু আকবর’ ধ্বনি দিতে থাকেন। এ নিয়ে পুরো কলেজ ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, এর আগেও নাসীরুদ্দীন পাটওয়ারী হামলার শিকার হন। গত শুক্রবার সন্ধ্যায় সিদ্ধেশ্বরী রোডের মৌচাক এলাকায় একটি পথসভা চলাকালে একটি ভবন থেকে তার ওপর নোংরা পানি ছুড়ে মারা হয়। পরে একই স্থানে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে। এই ধারাবাহিক হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।
এএডি/