জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীর শান্তিনগর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ১১ দলীয় জোট।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে শান্তিনগর বাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়। এতে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে একই দিন সকাল ১১টার দিকে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ ওঠে। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রের দাবি, একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তিনি এ হামলার শিকার হন।
নাসীরুদ্দীন পাটওয়ারীর মিডিয়া উইংয়ের সদস্য শামিল আবদুল্লাহ অভিযোগ করে বলেন, ছাত্র পরিচয়ে কিছু ব্যক্তি কলেজ প্রাঙ্গণে প্রবেশ করে তার ওপর অতর্কিত হামলা চালায়। তার দাবি অনুযায়ী, হামলাকারীরা বিএনপির নেতা মির্জা আব্বাসের অনুসারী এবং হামলার সময় তারা ‘ধানের শীষ’ স্লোগান দেয়।
আরও পড়ুন
তিনি জানান, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত একটি পিঠা উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালীন হঠাৎ এ হামলার ঘটনা ঘটে।
এ বিষয়ে ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা মো. সাইফুল্লাহ বলেন, আমন্ত্রিত অতিথি হিসেবে কলেজে উপস্থিত থাকাকালে ছাত্রদলের পরিচয়ে কিছু ব্যক্তি নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালায়। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত শাস্তির দাবি করেন।
হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এবং রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবি তোলেন।