নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নিরপেক্ষতার প্রশ্নে আমরা সামান্যতম কোনো বিচ্যুতি গ্রহণ করব না। অতীতে নিরপেক্ষতা ও স্বচ্ছতার অভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভাবমূর্তি সংকটে পড়েছে। এ জন্য সুতা পরিমাণও কোনো পক্ষপাতিত্ব আমরা মেনে নেব না।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ফেনী জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, নির্বাচন কমিশন বা সরকার থেকে পক্ষপাতিত্বমূলক কোনো নির্দেশনা কখনোই দেওয়া হবে না। তারপরও কেউ নিজের পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠতে না পারেন পরিণতি খুব খারাপ হবে। এ ব্যাপারে নির্বাচন কমিশন শক্ত অবস্থানে থাকবে।
তিনি আরও বলেন, আমাদের উদ্দেশ্য হলো মানুষ নির্ভয়ে ও নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে যেন ভোট দিতে পারে। নির্বাচন ভালো হওয়ার পূর্বশর্ত ভালো আইনশৃঙ্খলা। এ জন্য সবার সমন্বিত কাজ প্রয়োজন। আমরা যা কিছু হারিয়ে ফেলেছি সেগুলো পুনরুদ্ধারে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন, সেনাবাহিনীসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/আআ