নিখুঁত প্রতিশোধে ভয়ংকর জয়া

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

বছরের শুরুতে নিজেকে ভিন্নরূপে হাজির করলেন দুই বাংলার অভিনেত্রী জয়া আহসান। এর আগে কখনো এভাবে দেখা মেলেনি তার। একেবারে নিখুঁত

2026-01-27T20:29:10+00:00
2026-01-27T20:29:10+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
নিখুঁত প্রতিশোধে ভয়ংকর জয়া
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৮:২৯ পিএম 
অভিনেত্রী জয়া আহসান। ছবি : সংগৃহীত
বছরের শুরুতে নিজেকে ভিন্নরূপে হাজির করলেন দুই বাংলার অভিনেত্রী জয়া আহসান। এর আগে কখনো এভাবে দেখা মেলেনি তার। একেবারে নিখুঁত প্রতিশোধপরায়ণ হিংস্র মানবে ধরা দিয়েছেন কলকাতার সিনেমা ‘ওসিডি’র প্রথম ঝলকে। সম্প্রতি প্রকাশ হয়েছে সিনেমার ট্রেলার। মাত্র ১ মিনিট ৪৮ সেকেন্ডের এই ঝলকে রয়েছে এক অদ্ভুত রহস্য ও মানসিক অস্থিরতা। রয়েছে প্রতিশোধের ভয়ংকর ছাপ। এতে দর্শকদের চমকে দিয়েছেন জয়া আহসান। 

ট্রেলারে অভিনেত্রী বলছেন, যতক্ষণ আছে প্রাণ, সরাবেন পৃথিবীর জঞ্জাল। এই ছোট সংলাপে অভিনেত্রী নিজের লোমহর্ষক রূপ চিনিয়েছেন। আবার সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে অভিনেত্রী আরেক ধাপ এগিয়ে দিলেন নিজের ভেতরের ক্রোধ। ক্যাপশনে জয়া লিখেছেন, পরিচ্ছন্নতার নেশা যখন হয়ে ওঠে নিখুঁত প্রতিশোধের ব্লুপ্রিন্ট।

শিশু নির্যাতনের দীর্ঘমেয়াদি মানসিক প্রভাব কেন্দ্র করেই এগিয়েছে সিনেমাটির গল্প। ‘ওসিডি’ বা অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার এমন একটি মানসিক সমস্যা, যা আক্রান্ত ব্যক্তির জীবনকে ধীরে ধীরে গ্রাস করে নেয়। পরিচালক সৌকর্য ঘোষাল এই জটিল মানসিক অবস্থাকেই যুক্ত করেছেন শৈশবের ভয়ংকর ট্রমা ও অপরাধপ্রবণতার সঙ্গে।

ট্রেলার ইঙ্গিত দেয়, কীভাবে শৈশবের এক অনভিপ্রেত অভিজ্ঞতা পরিচ্ছন্নতার নেশার সঙ্গে মিশে গিয়ে জন্ম দেয় একের পর এক অপরাধের।

ট্রেলারে উঠে আসে একটি নির্মম সত্য শৈশবের কোনো দুঃসহ অভিজ্ঞতা, লিঙ্গনির্বিশেষে, সারা জীবন একজন মানুষের মনোজগতে গভীর ক্ষত তৈরি করে। সেই ক্ষত থেকেই জন্ম নিতে পারে ভয়ানক অপরাধপ্রবণ মানসিকতা। জয়া আহসান অভিনীত চরিত্রের মাধ্যমে সেই বাস্তবতাই পরতে পরতে ফুটিয়ে তুলেছেন নির্মাতারা।
আরও পড়ুন

সিনেমায় জয়া আহসানকে দেখা যাবে শ্বেতা নামের এক চিকিৎসকের ভূমিকায়। বাহ্যিকভাবে পরিপাটি ও সংযত এই নারীর জীবনের গভীরে লুকিয়ে রয়েছে এক অন্ধকার অতীত। শৈশবের সেই স্মৃতির কালো মেঘ তাকে তাড়া করে ফেরে প্রতিনিয়ত। পরিস্থিতি নাটকীয় মোড় নেয়, যখন এক রোগী আচমকাই শ্বেতার সেই গোপন অতীত সম্পর্কে জেনে যায় আর তার পরিণতি হয় চরম।

সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা ‘ওসিডি’তে শ্বেতার শেষ পরিণতি কী সেই উত্তর মিলবে পশ্চিমবঙ্গের পর্দায় আগামী ৬ ফেব্রুয়ারি থেকে।

২০২১ সালে ‘ওসিডি’ সিনেমার দৃশ্যধারণ শুরু হয়। ২০২২ সালে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এরপর একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পর দীর্ঘ অপেক্ষা, অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

এতে আরও অভিনয় করেছেন বাংলাদেশের ফজলুর রহমান বাবু, কলকাতার কৌশিক সেন, অনসূয়া মজুমদার ও কনীনিকা বন্দ্যোপাধ্যায়। এই সিনেমার মাধ্যমেই বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোটপর্দার আর্শিয়া মুখোপাধ্যায়ের। 

এএডি/


  বিষয়:   জয়া আহসান  ওসিডি 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: