চট্টগ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিবিজড়িত ওয়ার সিমেট্রি পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় সঙ্গে ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) পরিদর্শনকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহিদ সেনাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূত। একইসঙ্গে ওয়ার সিমেট্রির ঐতিহাসিক গুরুত্ব, সংরক্ষণ ব্যবস্থা ও পরিবেশগত দিক নিয়ে মতবিনিময় করেন।
এ সময় রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন চট্টগ্রাম নগরীর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্যসেবা ও নাগরিক সেবাখাতে আগামীতে সহযোগিতার আশ্বাস দেন।
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন রাষ্ট্রদূতকে সিটি করপোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রম, আধুনিক নগর ব্যবস্থাপনা, নাগরিক সেবা সম্প্রসারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।
তিনি বলেন, চট্টগ্রামের উন্নয়নে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগাতে আমরা আগ্রহী। আমেরিকান প্রযুক্তির আধুনিক লার্ভিসাইড বিটিআই ব্যবহার করে মশা নিধনে ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে। চট্টগ্রামের অন্যান্য নাগরিক সমস্যা সমাধানেও যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তা প্রত্যাশা করি।
সময়ের আলো/আআ