চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে দেশীয় অস্ত্রসহ সৈয়দ আহমেদ বেপারী (৪৫) নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। তিনি উপজেলার চরদুখিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে এই তথ্য নিশ্চিত করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) মো. লুৎফর রহমান।
সৈয়দ আহমেদ ফরিদগঞ্জ উপজেলার ১২নম্বর চরদুখিয়া পশ্চিম ইউনিয়নের লড়াইরচর গ্রামের বেপারী বাড়ির (মাঝি বাড়ি) মৃত নুর মোহাম্মদ বেপারীর ছেলে।
এর আগে সোমবার দিবাগত রাত দুইটার দিকে সৈয়দ আহমদ বেপারীকে হাইমচর উপজেলার হাওলাদার বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে, বাড়ি থেকে উদ্ধার করে দেশীয় অস্ত্র। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে তিনটি চাইনিজ কুড়াল, দুটি রাম দা, তিনটি স্টিলের চাকু, দুটি স্মার্ট ফোন, চারটি স্টিল পাইপ, একটি লোহার চাকু, দা, হাতুড়ি, চেইন ও বেইচ গিয়ার।
চরদুখিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজাহান বলেন, সৈয়দ আহমেদ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিল। আমাদের আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় উপজেলা বিএনপির আহ্বায়ক এম. এ হান্নানকে বহিষ্কার করা হয়েছে। বর্তমানে উপজেলা ও ইউনিয়ন বিএনপির সকল কমিটির কার্যক্রম স্থগিত রয়েছে।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন বলেন, যৌথ বাহিনী সৈয়দকে গ্রেফতারের পর প্রথমে হাইমচর থানায় সোপর্দ করে। তবে তার বাড়ি ফরিদগঞ্জ উপজেলায় হওয়ার কারণে ফরিদগঞ্জ থানায় আনা হয়।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) মো. লুৎফর রহমান বলেন, সৈয়দ আহমেদ হাইমচরে গ্রেফতার হলেও অস্ত্র উদ্ধার হয় তার বাড়ি থেকে। যে কারণে তার বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মামলা হবে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
সময়ের আলো/আআ