জ্যামাইকান সংগীতের প্রাণপুরুষ, কিংবদন্তি ড্রামার ও বিশ্বখ্যাত সংগীত প্রযোজক স্লাই ডানবার আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
স্লাই ডানবারের মৃত্যুর খবর তার স্ত্রী থেলমা নিশ্চিত করে জানান, সোমবার সকালে নিজ বাড়িতে স্বামীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। গত কয়েক দিন ধরেই তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন বলে জানা গেছে।
সংগীতের ইতিহাসে স্লাই ডানবার ছিলেন এক অপ্রতিদ্বন্দ্বী নাম। তার ড্রামিং শৈলী শুধু জ্যামাইকাতে সীমাবদ্ধ থাকেনি, বরং ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বে। সংগীত ক্যারিয়ারে তিনি কাজ করেছেন বব মার্লে, দ্য রোলিং স্টোনস, বব ডিলান, গ্রেস জোনস এবং ইয়ান ডিউরির মতো কালজয়ী সব তারকা ও ব্যান্ডের সঙ্গে। আধুনিক সংগীতের বিবর্তন ও ড্রামিং স্টাইলে তার প্রভাব অনস্বীকার্য।
সময়ের আলো/কেএইচও