প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১:৪৮ পিএম
ফাইল ছবিরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফল অনুযায়ী, বাণিজ্য ও অ-বাণিজ্য গ্রুপ মিলিয়ে গড় উত্তীর্ণের হার ৫৮ দশমিক ৭৭ শতাংশ।
বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় ফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, বাণিজ্য গ্রুপে প্রথম হয়েছেন যশোরের মাইকেল মধুসূদন কলেজের শিক্ষার্থী ফারহানা সুলতানা ঐশী। তার প্রাপ্ত নম্বর ৮৬ দশমিক ৫০। অ-বাণিজ্য গ্রুপে নম্বর ৮১ দশমিক ২৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন ঈশ্বরদী সরকারি কলেজের এই শিক্ষার্থীর মো. রফিকুল নেহাল।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর ‘বি’ ইউনিটে মোট নিবন্ধিত পরীক্ষার্থী ছিলেন ৩০ হাজার ৮৮৬ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ২৫ হাজার ৯৬১ জন। বাণিজ্য গ্রুপে ১৬ হাজার ৩৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন নয় হাজার ৩৫৬ জন, যা শতকরা হিসাবে ৫৭ দশমিক ১৬।
অন্যদিকে অ-বাণিজ্য গ্রুপে পরীক্ষায় অংশ নেওয়া নয় হাজার ৫৯৩ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন পাঁচ হাজার ৯০০ জন। পাশের হার ৬১ দশমিক ৫০ শতাংশ।
চলতি শিক্ষাবর্ষে ‘বি’ ইউনিটে মোট আসন সংখ্যা ৫৬৪টি। এর মধ্যে বাণিজ্য শাখায় ৩৭৫টি, বিজ্ঞান শাখায় ১৫৮টি এবং মানবিক শাখায় ৩১টি আসন রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানায়, ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। কোনো প্রার্থী ফলাফলে অসংগতি পেলে কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী তা সংশোধনের অধিকার রাখে। উত্তীর্ণ শিক্ষার্থীদের করণীয় বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।
সময়ের আলো/আআ