টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বহিষ্কারের সিদ্ধান্ত এবং এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভূমিকার প্রতিবাদ জানাতে আবারও আইসিসিকে চিঠি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর আগে ভারত গিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়েছিল, পিসিবি তাদের প্রথম চিঠিতে সেই অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছিল।
‘টেলিকম এশিয়া স্পোর্ট’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এবার আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে নিজেদের অসন্তোষ জানাবে পিসিবি। পাশাপাশি জানানো হবে, পাকিস্তান দল যদি বিশ্বকাপে অংশ নেয়, তাহলে টুর্নামেন্ট চলাকালীন একটি প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করা হতে পারে।
সূত্রের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বকাপ চলাকালে কীভাবে প্রতিবাদ জানানো হবে, সে বিষয়ে আইসিসিকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।
অনুমতি মিললে আইসিসির সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবে পাকিস্তান দলের ক্রিকেটাররা ম্যাচের সময় হাতে কালো আর্মব্যান্ড বা কালো ব্যাজ পরে মাঠে নামতে পারেন বলেও জানানো হয়।
এর আগে চলতি মাসের শুরুতে পিসিবি আইসিসিকে একটি চিঠি পাঠিয়েছিল, যার অনুলিপি অন্য সব সদস্য দেশকেও দেওয়া হয়। ওই চিঠিতে পিসিবি শুধু বাংলাদেশের অবস্থানকে সমর্থনই করেনি, বরং ভারতের বিকল্প ভেন্যু হিসেবে বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজনের প্রস্তাবও দিয়েছিল।
এদিকে, পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কি না—সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি পিসিবি। এ সিদ্ধান্তের জন্য তারা পাকিস্তান সরকারের নির্দেশনার অপেক্ষায় রয়েছে। চলতি সপ্তাহের শুরুতে বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভী পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। সেখানে সম্ভাব্য চারটি বিকল্প নিয়ে আলোচনা হয়।
বিকল্পগুলো হলো—সম্পূর্ণ বিশ্বকাপ বয়কট করা, কেবল ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন করা, কালো আর্মব্যান্ড পরে ম্যাচ খেলা অথবা কোনো ম্যাচে জয় পেলে সেটি বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের উৎসর্গ করা।
/ইউএমএইচ