বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না বলে পুনর্ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বলেন, জনগণের ভোটে যে সরকারই নির্বাচিত হোক না কেন, তার সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন মার্কিন রাষ্ট্রদূত।
ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার আমাদের নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করেছেন। নির্বাচনের ফলাফল কী হবে, তা নিয়ে আমার যথেষ্ট আগ্রহ রয়েছে। তবে সেই ফল নির্ধারণ করবেন এ দেশের জনগণই। যুক্তরাষ্ট্র এ নির্বাচনে কোনো পক্ষ নেবে না।’
আরও পড়ুন
এর আগে বেলা ১১টার পর নির্বাচন কমিশন ভবনে সিইসির সঙ্গে বৈঠকে বসেন তিনি। ইসি সূত্র জানায়, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ছিল ব্রেন্ট ক্রিস্টেনসেনের গুরুত্বপূর্ণ বৈঠকগুলোর একটি। প্রসঙ্গত, গত ১২ জানুয়ারি তিনি ঢাকায় আসেন এবং বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।
কূটনৈতিক সূত্রগুলো মনে করছে, এই বৈঠক ও বক্তব্য বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহ এবং পর্যবেক্ষণের বিষয়টি আরও স্পষ্টভাবে তুলে ধরেছে।
এএডি/