
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত স্বাস্থ্য খাতের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে চিকিৎসক, গণমাধ্যম ও প্রশাসনের মধ্যে পারস্পরিক আস্থা ও সমন্বয় গড়ে তোলা জরুরি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেছেন, জনবল সংকট নিরসনে সরকার ১০ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি চিকিৎসক ও রোগী উভয়ের সুরক্ষা নিশ্চিত করতে ভারসাম্যপূর্ণ আইন প্রণয়নের কাজ চলছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) মিল্টন হলে ‘ন্যাশনাল ভাস্কুলার ডে ২০২৬’ ও ‘হেলথ জার্নালিজম ওয়ার্কশপ’ উপলক্ষে আয়োজিত গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও অব্যবস্থাপনার কারণে চিকিৎসক, সাংবাদিক ও প্রশাসনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। এই আস্থার সংকট কাটিয়ে উঠতে হবে। অভিযোগ প্রমাণের আগেই গণমাধ্যমে চটকদার বা নেতিবাচক শিরোনাম প্রকাশ করা হলে পেশাজীবীদের সম্মান ক্ষুণ্ন হয়। অন্যদিকে, হাসপাতালের অভ্যন্তরীণ সমস্যা সমাধানে বৈঠক ও গঠনমূলক আলোচনাই সবচেয়ে কার্যকর।
স্বাস্থ্য খাতের জনবল সংকট নিরসনে সরকারের পরিকল্পনা তুলে ধরে ড. এম এ মুহিত বলেন, ইতোমধ্যে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এর পরপরই আরও পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি নার্স, মেডিকেল টেকনোলজিস্টসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগও নেওয়া হচ্ছে।
হাসপাতালের বহির্বিভাগে রোগীদের ভোগান্তি কমাতে ডিজিটাল সেবা চালুর কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে পরীক্ষামূলকভাবে অনলাইন টিকিট ও সময় নির্ধারণের স্লট পদ্ধতি চালু হয়েছে। আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে আগারগাঁওয়ের আরও পাঁচ-ছয়টি বিশেষায়িত হাসপাতালে এ সেবা পুরোপুরি চালু করা হবে। এতে রোগীদের ভোররাত থেকে লাইনে দাঁড়াতে হবে না। পাশাপাশি দালালদের দৌরাত্ম্যও কমবে।
প্রতিমন্ত্রী আরও জানান, আগের সময়ে নির্মিত হলেও চালু না হওয়া ট্রমা সেন্টার ও শিশু হাসপাতালগুলো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে দেশের বিভিন্ন বিভাগে পড়ে থাকা পাঁচটি শিশু হাসপাতাল প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি দিয়ে চালু করা হবে।
তিনি বলেন, আগামী ১৩ তারিখ থেকে দেশব্যাপী নতুন করে পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু হবে। এ ছাড়া অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ঝুঁকি মোকাবিলায় চিকিৎসা শিক্ষার পাঠ্যক্রম হালনাগাদ করা হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. নজরুল ইসলাম এবং বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও বিএমইউর ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম।
বাংলাদেশ ভাস্কুলার সোসাইটি, আরিজ ফাউন্ডেশন, প্ল্যাটফর্ম টুডে ও ডিএমজে মিডিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংবাদিক রাইসুল হক চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের বিভাগীয় প্রধান ডা. সাকলায়েন রাসেল।
সমযের আলো/এসএকে