প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৩:২৪ পিএম আপডেট: ২৬.১১.২০২৬ ৩:২৫ পিএম

সরকারি আবাসন পরিদফতর। ছবি : সংগৃহীত
সরকারি আবাসন পরিদফতর। ছবি : সংগৃহীত রাজধানীর বিভিন্ন এলাকায় খালি থাকা সরকারি বাসা ও ফ্ল্যাট বরাদ্দ দিতে অনলাইনে আবেদন আহ্বান করেছে সরকারি আবাসন পরিদফতর। আগ্রহী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। এ বিষয়ে গত ১৯ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরিদফতর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বিভিন্ন গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত শ্রেণির বাসার জন্য আবেদন করতে পারবেন। পঞ্চম বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা এফ শ্রেণি, ষষ্ঠ বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা ই শ্রেণি এবং সপ্তম থেকে নবম গ্রেডের কর্মকর্তারা ডি-১ শ্রেণির বাসার জন্য আবেদন করতে পারবেন।
রাজধানীর আজিমপুর, ইস্কাটন, ধানমন্ডি, মিরপুর, শাহজাহানপুর, সোবহানবাগ, মোহাম্মদপুর, গ্রিন রোড ও পাইকপাড়াসহ বিভিন্ন এলাকায় এসব বাসা রয়েছে। এ ছাড়া সরকারি আবাসিক ভবন ও হোস্টেলে অস্থায়ী শ্রেণির বাসার পাশাপাশি ১২ থেকে ১৮তম গ্রেডের কর্মচারীদের জন্য গ্রিন রোডে একক আসনের আবাসনের ব্যবস্থা রাখা হয়েছে।
এবার পরিত্যক্ত শ্রেণির এফ, ডি ও বি শ্রেণির বাসার জন্যও আবেদন করা যাবে। একজন আবেদনকারী একটি বিজ্ঞপ্তির বিপরীতে সর্বোচ্চ তিনটি বাসার জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের ক্ষেত্রে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুসরণ করতে হবে। জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী কোনো তথ্য দেওয়া হলে আবেদন বাতিল করা হবে। একইভাবে অসম্পূর্ণ আবেদন কিংবা প্রয়োজনীয় প্রমাণপত্র ছাড়া জমা দেওয়া আবেদনও বিবেচনায় নেওয়া হবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাসা বরাদ্দ পাওয়ার ১০ দিনের মধ্যে অথবা বরাদ্দপত্রে উল্লেখিত সময়ের মধ্যে দখল বুঝে নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দখল না নিলে বরাদ্দ বাতিল হতে পারে। আগে ম্যানুয়াল পদ্ধতিতে আবেদন করেও বাসা পাননি, এমন কর্মকর্তা-কর্মচারীরাও এবার অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।
সময়ের আলো/মহু