প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২:৩১ পিএম আপডেট: ২৬.১১.২০২৬ ১২:৩২ পিএম

বাংলাদেশের ৫৫তম সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে চীনের রাজধানী বেইজিংয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান। ছবি : সংগৃহীত
বাংলাদেশের ৫৫তম সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে চীনের রাজধানী বেইজিংয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান। ছবি : সংগৃহীত বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার ধারাবাহিকতায় দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম। দুই দেশের পারস্পরিক সহযোগিতায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা আরও বাড়বে বলেও আশাবাদ জানিয়েছেন তিনি।
বাংলাদেশের ৫৫তম সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে চীনের রাজধানী বেইজিংয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বেইজিংয়ের একটি হোটেলে বাংলাদেশ দূতাবাস এ অনুষ্ঠানের আয়োজন করে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেইজিংয়ের বাংলাদেশ দূতাবাস জানায়, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) নৌবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল ওয়াং শিয়ানজং। এ ছাড়া পিএলএর আরও ছয়জন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বেইজিংয়ে নিযুক্ত কূটনীতিক, প্রতিরক্ষা উপদেষ্টা, চীনে প্রশিক্ষণরত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মকর্তা, প্রবাসী বাংলাদেশি এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম ও দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শাহরিয়ার সাব্বির অতিথিদের অভ্যর্থনা জানান। বাংলাদেশ ও চীনের জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে আয়োজনের সূচনা হয়।
স্বাগত বক্তব্যে প্রতিরক্ষা উপদেষ্টা অতিথিদের শুভেচ্ছা জানান। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহিদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা এবং জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন।
রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলামও মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদান ও আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এ সময় তিনি বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার বিষয়টি উল্লেখ করে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে প্রধান অতিথি, রাষ্ট্রদূত ও প্রতিরক্ষা উপদেষ্টা কেক কেটে উদযাপনের আনুষ্ঠানিক সূচনা করেন। এ সময় অতিথিদের সঙ্গে ফটোসেশনও অনুষ্ঠিত হয়।
সময়ের আলো/মহু