প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:০৩ পিএম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগামী ১ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করবেন পেশাদার কূটনীতিক আসাদ আলম সিয়াম। দায়িত্ব নিতে শুক্রবার (২৭ নভেম্বর) নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।
গত ১৩ জুলাই নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে আসাদ আলম সিয়ামের নাম ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব করেছিল বাংলাদেশ। পরে ২২ সেপ্টেম্বর তার নিয়োগ প্রস্তাবে সম্মতি দেয় ভারত।
তবে বাবার মৃত্যুর কারণে ভারতে যোগদানে কিছুটা বিলম্ব হয় আসাদ আলম সিয়ামের। গত ৩১ অক্টোবর তার বাবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদের সাবেক ডিন মো. নূরুল আলম মারা যান।
বর্তমানে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করছেন প্রীতি রহমান।
আসাদ আলম সিয়াম ১৯৯৫ সালে বাংলাদেশ পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে নেদারল্যান্ডসের মাস্ট্রিচট স্কুল অব ম্যানেজমেন্ট থেকে এমবিএ করেন।
কূটনৈতিক দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে পেশাগত প্রশিক্ষণ নিয়েছেন তিনি। কাঠমান্ডুর সার্ক সচিবালয়, হাওয়াইয়ের এপিসিএসএস, সিউলের আইএফএএনএস এবং ঢাকার জাতীয় প্রতিরক্ষা কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কোর্স সম্পন্ন করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন আসাদ আলম সিয়াম। ইতালির মিলানে বাংলাদেশের প্রথম কনসাল জেনারেল ছিলেন তিনি। এ ছাড়া যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, পালাউ, অস্ট্রিয়া, হাঙ্গেরি, স্লোভেনিয়া ও স্লোভাকিয়ায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সময়ের আলো/এসএকে