বাংলাদেশ দখল ও যুদ্ধের হুমকি পশ্চিমবঙ্গের পাঁচ মন্ত্রী-বিধায়কের

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বাংলাদেশকে দখল, আক্রমণ, অর্থনৈতিকভাবে চাপে ফেলা এবং যুদ্ধের হুমকি দিয়ে বক্তব্য দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের পাঁচ মন্ত্রী ও বিধায়কসহ বিজেপির একাধিক

2026-11-25T20:26:10+00:00
2026-11-25T20:27:24+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
জাতীয়
বাংলাদেশ দখল ও যুদ্ধের হুমকি পশ্চিমবঙ্গের পাঁচ মন্ত্রী-বিধায়কের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৮:২৬ পিএম  আপডেট: ২৫.১১.২০২৬ ৮:২৭ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
বাংলাদেশকে দখল, আক্রমণ, অর্থনৈতিকভাবে চাপে ফেলা এবং যুদ্ধের হুমকি দিয়ে বক্তব্য দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের পাঁচ মন্ত্রী ও বিধায়কসহ বিজেপির একাধিক নেতা। গত ৮ থেকে ২৪ নভেম্বরের মধ্যে এসব বক্তব্য দেন তাঁরা। এর মধ্যে বাংলাদেশের ভূখণ্ড দখল, সীমান্ত বন্ধ করে দেওয়া, যুদ্ধ ঘোষণা এবং বাংলাদেশে হামলার হুমকিও রয়েছে।

দ্য ডিসেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের চিফ হুইপ অম্লান ভাদুড়ি, পরিবহনমন্ত্রী অর্জুন সিং, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিধায়ক স্বপন মজুমদার ও খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া বাংলাদেশ নিয়ে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। এ ছাড়া ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবেও বাংলাদেশের ভূখণ্ড পুনর্দখলের দাবি তুলেছেন।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তিনি বর্তমানে ভারতেই অবস্থান করছেন। সম্প্রতি হাসিনা ও তার দল ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছে। অন্যদিকে, বাংলাদেশ সরকার জানিয়েছে, বন্দী প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

হাসিনার দেশে ফেরার সময়সীমা ঘোষণার পর থেকে আওয়ামী লীগের পলাতক নেতাদের পাশাপাশি ভারতের বিজেপি নেতাদের বিভিন্ন বক্তব্যে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে আপত্তিকর মন্তব্য উঠে এসেছে।

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুঁশিয়ারি

গত মঙ্গলবার (২৪ নভেম্বর) পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ভাটপাড়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ দখলের হুঁশিয়ারি দেন রাজ্যটির পরিবহনমন্ত্রী অর্জুন সিং।

তিনি বলেন, “১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব। অনেক হয়েছে, বাংলাদেশের জন্য আর কোনো অজুহাত চলবে না। বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, তার বদলা তো আমাদের নিতেই হবে।”

অর্জুন সিং আরও বলেন, “প্রতিশোধ নেবো; এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশকে আর ছাড় দেওয়া যাবে না।”

অন্য একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “বাংলাদেশ নিয়ে নেব আমরা। রেডি টু ফ্লাই আছে। যেভাবে নিতে হবে নিয়ে নেব। ১৬ ডিসেম্বর বাংলাদেশ দিবস। ১৬ ডিসেম্বরে নিয়ে নেব।”

বাংলাদেশকে নিষিদ্ধ ও যুদ্ধ ঘোষণার আহ্বান অম্লান ভাদুড়ির

গত ২৪ নভেম্বর বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে নিষিদ্ধ করার পাশাপাশি যুদ্ধ ঘোষণার আহ্বান জানান বিজেপি নেতা ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের চিফ হুইপ অম্লান ভাদুড়ি।

তিনি বলেন, “আন্তর্জাতিক লেভেলে চাপ দেওয়া দরকার যেন বাংলাদেশকে ব্যান করে দেওয়া হয়। সেখানে এ সমস্ত ঘটনা, মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় যেন ইন্টারফেয়ার করা হয়। এবং সবার এটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার দরকার আছে।”

তার বক্তব্যে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে চাপে ফেলা এবং যুদ্ধ ঘোষণার আহ্বান উঠে এসেছে।

সীমান্ত বন্ধ করলে বাংলাদেশ না খেয়ে মারা যাবে : শমীক ভট্টাচার্য

গত ১৮ নভেম্বর বাংলাদেশকে আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করে দেওয়ার হুমকি দেন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি ও রাজ্যসভার সংসদ সদস্য শমীক ভট্টাচার্য।

কলকাতার বিধাননগরে বিজেপির রাজ্য দপ্তরে অস্ট্রেলিয়ার হাইকমিশনার ফিলিপ গ্রিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “বাংলাদেশকে আমরা কীভাবে সাহায্য করিনি? আমরা যদি আজকে আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করে দিই, তবে বাংলাদেশ না খেয়ে পেয়ে মারা যাবে। ভারত বা পশ্চিমবঙ্গের কোনো বাঙালি কি কখনও এই কাজ করেছে?”

গত ২০ নভেম্বর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “সীমান্ত বন্ধ করে দিলে বাংলাদেশিরা শুকিয়ে মরে যাবে।” একই ভিডিওতে “দেশটাই তো তৈরি করে দিয়েছে ভারত” বলেও মন্তব্য করেন শমীক।

গত ২২ নভেম্বর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, “বাংলাদেশের জন্ম ভারত দিয়েছে।”

একই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তার মন্তব্যের কথাও আনন্দবাজারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চট্টগ্রাম, নোয়াখালী ও সিলেট পুনর্দখলের দাবি নিশিকান্ত দুবের

গত ৮ নভেম্বর বাংলাদেশের ভূখণ্ড পুনর্দখলের দাবি তোলেন বিজেপি নেতা ও ঝাড়খণ্ডের গোড্ডা লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য নিশিকান্ত দুবে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তানের হাত থেকে পাক অধিকৃত কাশ্মীর পুনর্দখলের পাশাপাশি নোয়াখালী, চট্টগ্রাম বন্দর ও সিলেট পুনরুদ্ধারের সময় এসেছে।

তিনি বলেন, “আমার মনে হয়, শুধুমাত্র পাকিস্তানের হাত থেকে পাক অধিকৃত কাশ্মীর পুনর্দখল নয়, সময়ই হয়নি, জোর করে যে নোয়াখালি, চিটাগং বন্দর, সিলেট হস্তান্তরিত করেছিলেন নেহরুজী, তাও পুনরুদ্ধারের সময় এসেছে।”

বাংলাদেশের ভূখণ্ডের অংশ নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট পুনর্দখলের দাবি তুলে তিনি বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন।

বাংলাদেশ আক্রমণের ইঙ্গিত বিজেপি বিধায়কের

গত ২৩ নভেম্বর বাংলাদেশের পরিস্থিতি ও শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে কথা বলেন পশ্চিমবঙ্গের বনগাঁর বিজেপি বিধায়ক স্বপন মজুমদার।

তিনি বলেন, “....ভারত তো পাশে দাঁড়াবে না। এমনি তো পরাধীন হয়ে যাবে তারা। আর হিন্দুদের উপর অত্যাচার হলে ভারত চুপ করে বসে থাকবে। দীর্ঘদিন এটা হতে পারে না। আগামী দিন এই ধরনের সমস্যা দেখা দিলে ভারতও আক্রমণ করতে পারে।”

‘আগুন নিয়ে খেলছেন তারেক সাহেব’: খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া

গত ২৩ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন বিজেপি নেতা ও পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনি কিন্তু আগুন নিয়ে খেলছেন তারেক সাহেব। এটা মাথায় রাখবেন। কারণ হিন্দু সনাতন ধর্মকে আজ পর্যন্ত কেউ ধ্বংস করতে পারেনি। ইউনূস সাহেব যে বীজ রোপণ করে গিয়েছিলেন– যে সাম্প্রদায়িক বীজ, যে জামায়াতে ইসলামীর বীজ– সেই বীজকে নিয়ে তারেক রহমান খেলা করছেন।”

তিনি আরও বলেন, “তারেক সাহেব, বাংলাদেশের হিন্দুদের প্রতি আপনি অত্যাচার করছেন, সারা বিশ্বের হিন্দু সনাতনীরা আপনাদেরকে ক্ষমা করবে না। তবে একটা কথা এখানে দাঁড়িয়ে বলে দিয়ে যাব– আমি যতই রাজনীতি করি না কেন, আগে একজন আমি হিন্দু সনাতনী। তাই হিন্দু সনাতনের স্বার্থে সারা বিশ্বে যেখানেই আন্দোলন গড়ে উঠবে, আমি তার বিরোধিতা করব। কারণ এই ধর্ম যদি বাঁচে আমি বাঁচব, এই ধর্ম যদি বাঁচে আমার পরবর্তী প্রজন্ম বাঁচবে।”

সময়ের আলো/টিকে
  বিষয়:   বাংলাদেশ দখল  যুদ্ধের হুমকি  পশ্চিমবঙ্গ  পাঁচ মন্ত্রী-বিধায়ক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: