
বাংলাদেশের পণ্যের জন্য জিএসপি অব্যাহত রাখতে আগ্রহ প্রকাশ করেছে কানাডা। সংগৃহীত ছবি
বাংলাদেশের পণ্যের জন্য জিএসপি অব্যাহত রাখতে আগ্রহ প্রকাশ করেছে কানাডা। সংগৃহীত ছবিবাংলাদেশের পণ্যের জন্য ২০৩২ সাল পর্যন্ত অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) অব্যাহত রাখতে আগ্রহ প্রকাশ করেছে কানাডা। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের পণ্য রফতানির ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সুবিধা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও কানাডার ষষ্ঠ দ্বিপক্ষীয় পরামর্শ সভায় এ আগ্রহের কথা জানায় কানাডা।
বৈঠকে জানানো হয়, ২০২৫ সালে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ২৫ শতাংশ বেড়ে ৪ বিলিয়ন কানাডীয় ডলার ছাড়িয়েছে। স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের টেকসই উত্তরণ নিশ্চিত করার লক্ষ্যেও জিএসপি সুবিধা সম্প্রসারণে আগ্রহী কানাডা।
বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং কানাডার পক্ষে গ্লোবাল অ্যাফেয়ার্সের ইন্দো-প্যাসিফিকবিষয়ক সহকারী উপমন্ত্রী ওয়েলডন এপ যৌথভাবে সভাপতিত্ব করেন।
এ সময় দুই দেশের মধ্যে পাঁচ দশকেরও বেশি সময়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। পাশাপাশি কৃষি, জ্বালানি, নিরাপত্তা ও প্রতিরক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ খাতে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশের এলডিসি উত্তরণের জন্য প্রয়োজনীয় কাঠামোগত সংস্কারের ওপরও গুরুত্ব দেন দুই দেশের প্রতিনিধিরা। এ প্রেক্ষাপটে বাংলাদেশের পণ্যের জন্য কানাডার বিদ্যমান অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধার আওতায় ২০৩২ সাল পর্যন্ত বাজারসুবিধা বহাল রাখার আগ্রহ প্রকাশ করা হয়।
বৈঠকে বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কানাডার দীর্ঘদিনের অবদানের বিষয়টিও উঠে আসে। কানাডার পক্ষ থেকে জানানো হয়, ১৯৭২ সাল থেকে বাংলাদেশকে ৬ দশমিক ৩ বিলিয়ন কানাডীয় ডলারের বেশি উন্নয়ন সহায়তা দিয়েছে দেশটি।
এ ছাড়া ২০২৬ সালের অক্টোবরে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সারাইয়ের বাংলাদেশ সফরের সময় ৪৫ মিলিয়ন কানাডীয় ডলারের সহায়তা ঘোষণার বিষয়টিও আলোচনায় আসে। বাংলাদেশের অগ্রাধিকার বিবেচনায় অর্থনৈতিক সুশাসন, প্রাতিষ্ঠানিক সংস্কার, বেসরকারি খাতের বিকাশ, বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি এবং কৃষিতে উদ্ভাবনের ক্ষেত্রে এ সহায়তা ভূমিকা রাখবে বলে জানানো হয়।
দুই দেশের মধ্যে দক্ষতা উন্নয়ন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, জ্ঞান বিনিময় এবং শিক্ষাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি অভিবাসন, নিরাপত্তা সহযোগিতা, জলবায়ু সহনশীলতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু বৈঠকে স্থান পায়।
রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের মানবিক ভূমিকারও প্রশংসা করে কানাডা। দেশটিতে ১২ লাখের বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়। কানাডা জানায়, ২০১৭ সাল থেকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে ৭০০ মিলিয়ন কানাডীয় ডলারের বেশি সহায়তা দিয়েছে তারা।
এ ছাড়া রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দুই দেশ। তাদের মতে, রোহিঙ্গা সংকট সমাধানের আন্তর্জাতিক প্রচেষ্টায় এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সময়ের আলো/ইউএমএইচ