প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৩:০৯ পিএম

ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলি। সংগৃহীত ছবি
ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলি। সংগৃহীত ছবিরাজধানীর মিরপুর-১০ এলাকার ফুটপাত পুনরায় দখলমুক্ত করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ফুটপাতে অবৈধভাবে বসা হকারদের উচ্ছেদে বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টা থেকে অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলি দায়িত্ব পালন করেন।
অভিযানকালে ডিএনসিসি প্রশাসক জানান, মিরপুরের ফুটপাত দখলমুক্ত রাখতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
ডিএনসিসি সূত্রে জানা যায়, এর আগে গত ২০ অক্টোবর মিরপুর-১০ এলাকার ফুটপাতে অবৈধভাবে বসা হকারদের উচ্ছেদ করে ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। তবে ওই উদ্যোগ বাধাগ্রস্ত করতে গত কয়েক দিন ধরে কিছু লোক মিরপুরের বিভিন্ন ফুটপাতে আবারও বসার চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে বুধবার প্রশাসক নিজেই অভিযানে অংশ নেন এবং হকারদের উচ্ছেদ করে মিরপুর-১০ এলাকা আবারও হকারমুক্ত করেন।
উচ্ছেদ অভিযান চলাকালে ডিএনসিসি প্রশাসক মিরপুর-১০ ফুটওভারব্রিজের সংস্কারকাজও পরিদর্শন করেন। এ সময় তিনি সংস্কারকাজ দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন।
সময়ের আলো/ইউএমএইচ