
পোশাক শিল্পে কিছুটা স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকরা । ছবি : সংগৃহীত
পোশাক শিল্পে কিছুটা স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকরা । ছবি : সংগৃহীততৈরি পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি ঘোষণার পর শিল্পাঞ্চলে পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। কর্মবিরতিতে থাকা শ্রমিকদের বড় একটি অংশ কাজে ফিরেছেন। অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রমও স্বাভাবিক হয়েছে। কয়েক দিন ধরে চলা শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি ও বিক্ষোভের পর সাভার ও আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলে ধীরে ধীরে কর্মচাঞ্চল্য ফিরছে। নতুন মজুরি কাঠামো ঘোষণার পর কাজে ফিরতে শ্রমিক নেতাদের আহ্বান এবং মালিকপক্ষের উৎপাদন স্বাভাবিক রাখার তাগিদ শ্রমিকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। তারা কর্মস্থলে ফেরার মধ্য দিয়ে কারখানাগুলোতে উৎপাদন সচল হওয়ায় তৈরি পোশাক শিল্পেও স্বস্তি ফিরতে শুরু করেছে।
গতকাল বৃহস্পতিবার সকালে সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানায় শ্রমিকদের স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিতে দেখা গেছে। শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন চলছে। তবে কয়েকটি কারখানায় এখনও কর্মবিরতি অব্যাহত রয়েছে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, বৃহস্পতিবার সকালে শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগ দিয়েছেন। অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রম চলছে। শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, সাভার ও আশুলিয়ার তিনটি কারখানায় শ্রমিকদের কর্মবিরতি চলছে। এ ছাড়া আরও কয়েকটি কারখানা বন্ধ রয়েছে।
তবে অধিকাংশ কারখানায় শ্রমিকদের কাজে ফেরার মধ্য দিয়ে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে পরিস্থিতির উন্নতি হয়েছে। মালিকপক্ষের ঘোষিত ১৭ হাজার টাকা নিম্নতম মজুরি ও ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত মেনে অনেক শ্রমিক কাজে যোগ দিয়েছেন। এর আগে নতুন মজুরি ঘোষণার পর বুধবার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা সিদ্ধান্তটিকে স্বাগত জানিয়ে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান।
সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেন, মালিক ও শ্রমিকপক্ষ এবং মজুরি বোর্ডের অন্য সদস্যদের ভোটাভুটির মাধ্যমে যে সিদ্ধান্ত এসেছে, তা শ্রমিকদের প্রত্যাশার পুরোপুরি প্রতিফলন না ঘটালেও বর্তমান বাস্তবতায় তারা এটিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত ঘোষিত মজুরি কত দ্রুত এবং কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করা যায় তা নিশ্চিত করা।
নাজমা আক্তার বলেন, নতুন মজুরি ঘোষণার পরও বিভিন্ন স্থানে শ্রমিকদের বিক্ষোভ চলছে। তবে পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়ে আসবে বলে তিনি আশাবাদী। শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানানো এবং শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন।
এদিকে সম্মিলিত গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের উপদেষ্টা শ্রমিকনেতা হুমায়ুন কবির খানও নতুন মজুরি মেনে শ্রমিকদের কাজে ফিরে উৎপাদন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শ্রমিকদের প্রত্যাশা অনুযায়ী মজুরি নির্ধারিত না হলেও দেশের শিল্প অর্থনীতি, রফতানি বাণিজ্য ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আপাতত এ সিদ্ধান্ত মেনে নেওয়া হয়েছে।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান নতুন মজুরি কাঠামো ঘোষণার পর শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেছেন। তিনি বলেন, নতুন মজুরি নির্ধারণের ক্ষেত্রে দেশের পোশাক শিল্পের প্রতিযোগিতা সক্ষমতার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। মজুরি বোর্ডের সব সদস্য নতুন কাঠামোয় স্বাক্ষর করেছেন। তাই সংশ্লিষ্ট সব পক্ষের এ সিদ্ধান্ত মেনে নেওয়া উচিত।
তিনি বলেন, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে পোশাকের দর কমে যাওয়ায় নতুন মজুরি বাস্তবায়ন শিল্পের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বিশেষ করে ছোট ও মাঝারি কারখানাগুলোর ওপর বাড়তি ব্যয়ের চাপ পড়বে। এ পরিস্থিতিতে শ্রমিক-মালিকের মধ্যে সহযোগিতা ও স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখা জরুরি।
শ্রমিক নেতার সন্তোষ, গ্রেফতারদের মুক্তির দাবি
শ্রমিক নেতা বাবুল আখতার গণতান্ত্রিক প্রক্রিয়ায় মজুরি নির্ধারণের জন্য সরকার ও মালিকপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সাত-আট দফা আলোচনার পর গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাভুটির মাধ্যমে ১৭ হাজার টাকা চূড়ান্ত হয়েছে, যা আমরা সর্বসম্মতভাবে মেনে নিয়েছি।
নতুন মজুরি কাঠামো নিয়ে গুজব ও বিভ্রান্তিতে কান না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে শ্রমিকদের বেতন অন্তত ২ হাজার টাকা থেকে ৫-৬ হাজার টাকা পর্যন্ত বাড়বে। পাশাপাশি পুরোনো শ্রমিকদের মধ্যে বিদ্যমান গ্রেড বৈষম্যও দূর হবে। তবে মজুরি আন্দোলনের ঘটনায় গ্রেফতার শ্রমিক ও নেতাদের অবিলম্বে মুক্তি এবং প্রতি বছর মজুরি সমন্বয়ের একটি স্থায়ী পদ্ধতি চালুর দাবি জানান তিনি।
শ্রমিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর তালিকা পাওয়ার কথা জানিয়ে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান বিচারপতি সৈয়দ আজাদ সুবহানী বলেন, সেগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নতুন মজুরি কাঠামোর খসড়া গেজেট প্রকাশের পর এ বিষয়ে মতামত ও আপত্তি পর্যালোচনায় বোর্ড আবারও বৈঠকে বসবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
এদিকে বর্তমান গণতান্ত্রিক সরকার ইতিহাসে দ্রুততম সময়ে মজুরি বোর্ড গঠন করে স্বাধীনভাবে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, স্বতন্ত্র মজুরি বোর্ড ঐকমত্যের ভিত্তিতে গ্রহণযোগ্য মজুরি কাঠামো নির্ধারণ করেছে। এতে সরকারের কোনো সরাসরি হস্তক্ষেপ ছিল না।
বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সভাকক্ষে গার্মেন্টস শিল্পের নিম্নতম মজুরি নির্ধারণ ২০২৬ নিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস, নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী, মালিকপক্ষের প্রতিনিধি এবিএম সামছুদ্দিন মাহমুদ, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসানসহ সংশ্লিষ্টরা।
প্রধানমন্ত্রীর শ্রমিকবান্ধব সাতটি উদ্যোগের কথা তুলে ধরে মাহদী আমিন বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর অংশ হিসেবে শ্রমঘন এলাকায় সাতটি ১০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নির্মাণ, শ্রমিকদের ফ্যামিলি কার্ড প্রদান, ভর্তুকি মূল্যে চাল সরবরাহ, বাড়ি ভাড়া ও যানবাহনের খরচ বৃদ্ধি নিয়ন্ত্রণ, শ্রমিকদের সন্তানদের বিনামূল্যে শিক্ষা উপকরণ দেওয়া এবং শ্রমিকদের জন্য বহুতল আবাসন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, সংসদে প্রধানমন্ত্রী ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা দিলেও শ্রমিকদের মতামতের ভিত্তিতে তা বাড়িয়ে সাতটি করা হয়েছে। এসব হাসপাতালে ডায়াগনস্টিক সেন্টারও থাকবে। ইতিমধ্যে জমি অধিগ্রহণের কাজ চলছে। দ্রুতই হাসপাতালগুলোর কার্যক্রম শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ফ্যামিলি কার্ডের বিষয়ে মাহদী আমিন বলেন, দ্রুততম সময়ে পোশাকশ্রমিকদের মধ্যে এ কার্ড পৌঁছে দিতে কাজ করছে সরকার। নারী শ্রমিকদের নিজেদের নামে এবং পুরুষ শ্রমিকদের স্ত্রীদের নামে কার্ড দেওয়ার ক্ষেত্রে পোশাক শিল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি শ্রমঘন এলাকায় ওএমএসের মাধ্যমে ভর্তুকি মূল্যে চাল সরবরাহ করা হচ্ছে। আরও বেশি শ্রমিককে এ সুবিধার আওতায় আনতে ওএমএস কার্যক্রম সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
মজুরি বৃদ্ধির পর বাড়ি ভাড়া ও যাতায়াত খরচ বেড়ে যাওয়ার প্রবণতা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, হুট করে বাড়ি ভাড়া বাড়ানোর সংস্কৃতি বন্ধে আইনের প্রয়োগ নিশ্চিত করা হবে। এ বিষয়ে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বাড়ির মালিকদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। একইভাবে বাস ভাড়া ও পরিবহন খরচ যাতে অযৌক্তিকভাবে না বাড়ে, সে বিষয়েও কাজ করছে সরকার।
শ্রমিকদের সন্তানদের শিক্ষা ব্যয় কমাতে শ্রমঘন এলাকার প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেওয়ার পাশাপাশি মিড-ডে মিল চালু এবং পুনঃভর্তি ফি বন্ধ করা হয়েছে বলেও জানান মাহদী আমিন। শ্রমিকদের আবাসন সংকট নিরসনে বহুতল অ্যাপার্টমেন্ট নির্মাণের বিষয়েও প্রধানমন্ত্রীর ইতিবাচক মনোভাব রয়েছে।
মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনেক শ্রমিক না জানায় মিশ্র প্রতিক্রিয়া : বাবুল আখতার
সংবাদ সম্মেলনে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি ও শ্রমিক নেতা বাবুল আখতার।
শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, মজুরি বোর্ডের সিদ্ধান্ত সম্পর্কে এখনও অনেক শ্রমিক সঠিকভাবে জানতে পারেননি। এ কারণে তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ঘোষিত মজুরি সম্পর্কে শ্রমিকদের কাছে সঠিক তথ্য পৌঁছানো প্রয়োজন।
তিনি বলেন, যেসব এলাকায় আন্দোলন এখনও কমছে না, সেখানে রাজনৈতিক বিবেচনা এবং বাইরে থেকে উসকানির বিষয়টি বিবেচনায় রয়েছে। পাশাপাশি অনেক কারখানায় মালিক-শ্রমিকের মধ্যে সুসম্পর্ক না থাকায় শ্রম অসন্তোষ দেখা দিচ্ছে। মালিকপক্ষের পক্ষ থেকে শ্রমিকদের কাছে প্রয়োজনীয় বার্তা না পৌঁছানো ও ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যাও এর জন্য দায়ী। তবে আশুলিয়া এলাকায় আন্দোলন অনেকটাই কমে এসেছে।
শনিবার থেকে সব কল-কারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর
সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ঘোষণা নিয়ে চলমান অসন্তোষ ও শ্রমিক আন্দোলন দ্রুতই থেমে আসবে বলে আমি আশা করছি। শনিবার থেকে দেশের সব কল-কারখানা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চালু হোক, এটাই সরকারের প্রত্যাশা। একই সঙ্গে শ্রমিক পরিচয়ে কেউ ইচ্ছাকৃতভাবে শিল্প-কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
মজুরি নিয়ে সংবাদ সম্মেলনে হট্টগোল এনসিপির
তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে সরকারের গতকালের সংবাদ সম্মেলনে হট্টগোল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বক্তব্য দিতে গেলে চিৎকার-চ্যাঁচামেচি শুরু করেন তারা।
এর আগে শ্রমিক নেতা ও সংসদ সদস্য শিমুল বিশ্বাসের বক্তব্য শেষে শ্রমিক শক্তির নেতারা পেছন থেকে নিজেদের বক্তব্য দেওয়ার সুযোগ চান। তবে তাদের কাউকে বক্তব্য দেওয়ার সুযোগ না দিয়ে মাহদী আমিনকে মাইক্রোফোন দেওয়া হলে ক্ষোভ প্রকাশ করেন তারা। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ‘এটি সংবাদ সম্মেলন।’ এর জবাবে শ্রমিক শক্তির এক নেতা বলেন, ‘বক্তব্য দিতে না দিলে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে কেন?’
সময়ের আলো/প্রিন্ট/এসকে