
সন্দেহভাজন পুলিশ সদস্যদের ওপর নজরদারি জোরদার করা হয়েছে । ছবি : সংগৃহীত
সন্দেহভাজন পুলিশ সদস্যদের ওপর নজরদারি জোরদার করা হয়েছে । ছবি : সংগৃহীতসন্দেহভাজন পুলিশ সদস্যদের ওপর নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সদর দফতরের মুখপাত্র এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা। তিনি আরও জানিয়েছেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের চার কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
সাম্প্রতিক গ্রেফতার পুলিশ কর্মকর্তারা হলেন— পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান, পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত ২৪ নভেম্বর স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৪) ভৈরব কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপালগঞ্জে সাম্প্রতিক নাশকতার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। পরে রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়। সবশেষ গত বুধবার আরও দুই পুলিশ কর্মকর্তাকে আটক করে ডিবি। তারা হলেন— কর্মকর্তা পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ এবং ৩৩তম বিসিএসের কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান।
আবুল কালাম আজাদ বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত। তাকে গাজীপুর থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারের রিকুইজিশন ছিল।
অন্যদিকে রাকিবুল হাসানকে নোয়াখালী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে আটক করা হয়। তাকে একটি নিয়মিত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
তাকে পল্টন থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের আগে তিনি ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হিসেবে কর্মরত ছিলেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর তাকে একটি জেলায় সংযুক্ত করা হয়। সর্বশেষ তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) সংযুক্ত ছিলেন। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়।
এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা বলেন, ডিসেম্বর ঘিরে যেকোনো ধরনের নাশকতা ও অপতৎপরতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশে ক্ষমতার পালাবদলের পর থেকে এখন পর্যন্ত ১৯৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এর মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় জেলার এসপির দায়িত্ব পালনকারীদের মধ্যে ইতিমধ্যে ৩৩ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এর ধারাবাহিকতা এখনও অব্যাহত আছে।
গত ৯ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শৃঙ্খলা) কাজী সাইফুল ইসলাম বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পুলিশের অন্তত ৮২ জন ক্যাডার কর্মকর্তা পলাতক আছেন। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বরখাস্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।
বৃহস্পতিবার কামারুম মুনিরা সাংবাদিকদের বলেন, নিষিদ্ধ সংগঠনকে কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। তাদের ঘোষিত কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও জানান, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে। পাশাপাশি সন্দেহভাজন পুলিশ সদস্যদের গতিবিধিও পর্যবেক্ষণ করা হচ্ছে।
সময়ের আলো/প্রিন্ট/এসকে