
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার বিনা ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে কর্মীদের সঙ্গে সেলফি তোলেন । ছবি : পিএমও
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার বিনা ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে কর্মীদের সঙ্গে সেলফি তোলেন । ছবি : পিএমও প্রথমবারের মতো সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়া গেলেন ১১২ বাংলাদেশি কর্মী। মালয়েশিয়াগামী কর্মীদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার ১০ হাজার মানুষকে বিনা খরচে মালয়েশিয়া পাঠাবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিনা খরচে কর্মীদের মালয়েশিয়া যাত্রার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের জন্য আজ একটি স্মরণীয় দিন। আমরা ১০ হাজার মানুষকে বিনা খরচে মালয়েশিয়া পাঠাব। এ জন্য মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানাই। শহিদ, আহত ও গুমের শিকার ব্যক্তিদের পরিবারের এক হাজার সদস্যকে মালয়েশিয়ায় পাঠানো হবে।
সরকারপ্রধান বলেন, বিদেশগামী কর্মীদের দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘দয়া করে সংশ্লিষ্ট দেশের আইনকানুন মেনে চলবেন। আপনাদের আচরণের মাধ্যমে তারা বাংলাদেশকে বিচার করবে।’ এ সময় সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
দীর্ঘ আড়াই বছর পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ায় সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হলো। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে ১১২ জনকে নির্বাচিত করা হয়েছে।
নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে মাসিক ১ হাজার ৭০০ মালয়েশীয় রিঙ্গিত মূল বেতনে তিন বছরমেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে কাজ করবেন। নিয়োগকর্তার পক্ষ থেকে তাদের আবাসন ও চিকিৎসা সুবিধাও দেওয়া হবে। কর্মীদের অভিবাসন-সংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করছে নিয়োগকারী প্রতিষ্ঠান।
এ কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বরে আরও ২২৫ বাংলাদেশি কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন, প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান ও ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক, ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক দেবর্ষি মজুমদার, মহাব্যবস্থাপক নভিন্দর মুরুগিয়া, অংশীদার সারাভানাকুমার কানেসান এবং মালয়েশিয়ার সেরাম্বি সুরিয়ার আঞ্চলিক নিয়োগ পরিচালক আবদুল জলিলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, চলতি বছরের জুনে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে ২২ জুন পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি বাংলাদেশি কর্মীদের জন্য দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করা এবং আরও বেশি কর্মী নিয়োগের আহ্বান জানান। বৈঠকে অভিবাসন ব্যয় কমানো এবং কর্মী নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়ে দুই প্রধানমন্ত্রী একমত হন।
সময়ের আলো/প্রিন্ট/এসকে