
১৭ ডিসেম্বরের মধ্যে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শেষ করার নির্দেশ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর । ছবি : সংগৃহীত
১৭ ডিসেম্বরের মধ্যে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শেষ করার নির্দেশ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর । ছবি : সংগৃহীতফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সারা দেশে পরিবারভিত্তিক (খানা) তথ্য সংগ্রহের কাজ আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। একই সঙ্গে উপকারভোগী নির্বাচন, সামাজিক নিরীক্ষা, অভিযোগ নিষ্পত্তি ও চূড়ান্ত তালিকা অনুমোদনের ক্ষেত্রে নির্ধারিত নীতিমালা অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
গত বুধবার (২৫ নভেম্বর) সমাজসেবা কার্যালয়ের উপপরিচালকদের কাছে পাঠানো এক চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্ভুলভাবে খানা তথ্য সংগ্রহ করতে হবে। তথ্যের মান বজায় রেখে কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ অব্যাহত রাখতে হবে।
ফ্যামিলি কার্ডের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত পরিবারগুলোর নামের তালিকা কেন্দ্রীয় সার্ভার থেকে সংগ্রহ করে ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ড, হাটবাজারসহ বিভিন্ন জনসমাগমস্থলে প্রকাশ করতে হবে। এরপর ফ্যামিলি কার্ড কর্মসূচি নীতিমালা ২০২৬ অনুযায়ী ওয়ার্ড সভায় সামাজিক নিরীক্ষা ও গ্রাম আদালতের সিদ্ধান্তের ভিত্তিতে উপকারভোগী নির্বাচন ও যাচাই করতে হবে।
প্রাথমিক তালিকায় নাম না থাকা কোনো ব্যক্তি বা পরিবার দাবি জানালে ওয়ার্ড সভায় সামাজিক নিরীক্ষা ও গ্রাম আদালতের মাধ্যমে তা বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। এ ছাড়া গণশুনানিতে তালিকা প্রকাশ বা উপকারভোগী নির্বাচন নিয়ে আপত্তি উঠলে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন তদন্তের মাধ্যমে তা নিষ্পত্তি করবে। কোনো যোগ্য পরিবার তালিকা থেকে বাদ পড়েছে কি না, সে বিষয়েও অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির ব্যবস্থা রাখতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রাপ্ত আপত্তি ও অভিযোগ যাচাই করে ইউনিয়ন বাস্তবায়ন কমিটি সুপারিশ উপজেলা কমিটির কাছে পাঠাবে। উপজেলা বা শহর সমন্বয়কারী কর্মকর্তা এসব সুপারিশ যাচাই করে সংশ্লিষ্ট উপজেলা, পৌরসভা বা সিটি করপোরেশন কমিটিতে উপস্থাপন করবেন। কমিটি কার্যবিবরণী সংরক্ষণের পাশাপাশি নমুনা হিসেবে কিছু বাড়ি সরেজমিনে যাচাই করে চূড়ান্ত তালিকা বা পে-রোল অনুমোদন করবে।
বিশেষ করে শহরাঞ্চলে প্রকৃত ও অসচ্ছল দরিদ্র পরিবারগুলো যেন উপকারভোগীর তালিকা থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অনুমোদিত চূড়ান্ত তালিকা সংশ্লিষ্ট সফটওয়্যারে লক করে দিতে হবে, যাতে পরবর্তী সময়ে এতে কোনো পরিবর্তন করা না যায়।
এ ছাড়া উপজেলা বা শহর কমিটির অনুমোদিত তালিকা থেকে লটারির মাধ্যমে অন্তত ২ থেকে ৫ শতাংশ পরিবার বাছাই করে সরেজমিনে যাচাই করবেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক।
অভিযোগ নিষ্পত্তির জন্যও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, প্রাপ্ত অভিযোগ ১০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। উপজেলা বা শহর কমিটির সিদ্ধান্তে কেউ সংক্ষুব্ধ হলে সিদ্ধান্তের ৩০ দিনের মধ্যে জেলা কমিটির কাছে আপিল করতে পারবেন।
খানা তথ্য সংগ্রহ বা ফ্যামিলি কার্ড কার্যক্রমে কোনো তথ্য সংগ্রহকারী কিংবা সুপারভাইজারের জালিয়াতি বা ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেওয়ার প্রমাণ পাওয়া গেলে নীতিমালার ১১.৩(ক) অনুচ্ছেদ অনুযায়ী তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
ফ্যামিলি কার্ড কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে এসব নির্দেশনা যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর।
সময়ের আলো/এসকে