
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি উদ্যোগে বিনা অভিবাসন ব্যয়ে বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান । ছবি : সংগৃহীত
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি উদ্যোগে বিনা অভিবাসন ব্যয়ে বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান । ছবি : সংগৃহীত বিদেশের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে দক্ষতা উন্নয়নের পাশাপাশি সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী কয়েক মাসের মধ্যে বিদেশগামী কর্মীদের ভাষা প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি উদ্যোগে বিনা অভিবাসন ব্যয়ে বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এ তথ্য জানান।
অনুষ্ঠানে মালয়েশিয়াগামী প্রথম ফ্লাইটের ১১২ জন কর্মীকে বিদায় জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের জন্য দিনটি অত্যন্ত স্মরণীয়। প্রায় ১০ হাজার কর্মীকে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়া সরকারের সহযোগিতায় দেশটিতে আবারও বাংলাদেশের শ্রমবাজার চালু করা সম্ভব হয়েছে। এ জন্য মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান তিনি।
প্রবাসী কর্মীদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, বিদেশে যাওয়ার আগে কর্মীদের প্রশিক্ষিত করে পাঠাতে পারলে তারা যেমন উপকৃত হবেন, তেমনি দেশও লাভবান হবে। এ লক্ষ্যেই বিভিন্ন দেশের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষতা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার।
ভাষাগত দক্ষতার প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে কাজের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের ভাষা জানা থাকলে কর্মীদের জন্য কাজ করা অনেক সহজ হয়। এ বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার কাজ শুরু করেছে। আগামী কয়েক মাসের মধ্যে বিভিন্ন দেশে কর্মী পাঠানোর আগে তাদের ওই দেশের ভাষা শেখানোর কার্যক্রম চালু করা হবে।
মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তারা যেন সুস্থভাবে গন্তব্যে পৌঁছে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে মালয়েশিয়ার আইন, সংস্কৃতি, ঐতিহ্য ও নিয়মকানুন মেনে চলার আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, বিদেশে বাংলাদেশি কর্মীদের আচরণ ও কাজের ওপর দেশের ভাবমূর্তি নির্ভর করে। তাদের সততা ও নিষ্ঠা দেখে বিদেশিরা বাংলাদেশকে মূল্যায়ন করবেন। কর্মীরা সুনামের সঙ্গে কাজ করলে বিদেশি প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে আরও বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহী হবে।
তিনি কর্মীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করেন। পাশাপাশি বিনা অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান। পরে রেমিট্যান্স যোদ্ধাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন, প্রতিমন্ত্রী মো. নুরুল হকসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/এসকে