চাঁদপুরে গণভোটের প্রচারণা ও নির্বাচন উপলক্ষে নিরাপত্তা জোরদার নিয়ে প্রেস ব্রিফিং করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নে প্রেস ব্রিফিং করেন কোস্টগার্ডের ঢাকা জোনের কমান্ডার মো. ইমতিয়াজ হোসেন।
তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কোস্টগার্ড বদ্ধপরিকর। ১৮ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ২৮ দিনব্যাপী বিশেষ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ সময় উপকূলীয় ও নদীতীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকায় মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে কোস্টগার্ড।
তিনি আরও জানান, ঢাকা জোনের অধীন ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকার ৩৯টি ভোটকেন্দ্রে বিশেষ নজরদারির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। এছাড়া, একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি আয়োজিত গণভোটের বিষয়টি কোস্টগার্ডের দায়িত্বপূর্ণ এলাকার সব বয়স ও শ্রেণি-পেশার নারী-পুরুষের কাছে তুলে ধরা হচ্ছে। একটি জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী সরকার গঠনের লক্ষ্যে ‘হ্যাঁ’ ভোট দিতে জনগণকে উদ্বুদ্ধ করার কার্যক্রম চলমান রয়েছে।
কমান্ডার মো. ইমতিয়াজ হোসেন বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে জানমালসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশ কোস্টগার্ড জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ এবং দায়িত্ব পালনে সদা তৎপর থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।
সময়ের আলো/আআ