প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৩:৪৬ পিএম আপডেট: ২৮.০১.২০২৬ ৩:৫৮ পিএম
বিএনপির মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সংগৃহীত ছবি মতিঝিলের ব্রাদার্স ক্লাব মাঠে আয়োজিত এক গণজমায়েতে ঢাকা–৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শেখ সাদীর কবিতার একটি পঙ্ক্তি উদ্ধৃত করে মির্জা আব্বাস বলেছেন, ‘বে আদব—বে নসিব, বা আদব—বা নসিব।’ এর ব্যাখ্যায় তিনি বলেন, অর্থাৎ বেয়াদবের কপাল সব সময়ই খারাপ হয়, আদব-কায়দা থাকলে কপাল ভালো থাকে।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত ওই সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি কোনোভাবেই প্রতিপক্ষের সঙ্গে বিবাদে জড়াবে না। তিনি জানান, দলটি বর্তমানে বিজয়ের খুব কাছাকাছি অবস্থানে রয়েছে এবং উসকানিমূলক বক্তব্য বা কর্মকাণ্ডে জড়িয়ে সেই সম্ভাবনাকে নষ্ট করা যাবে না।
নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে মির্জা আব্বাস বলেন, কিছু গোষ্ঠী অসৎ উদ্দেশ্যে দেশকে দুর্বল করে রাখতে চায়। তবে আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে জনগণই তাদের জবাব দেবে বলে তিনি মন্তব্য করেন। তার ভাষায়, বিএনপির রাজনৈতিক শক্তির সামনে অন্য কোনো দল টিকে থাকতে পারবে না—এ বাস্তবতা মেনে নেওয়ার সময় এসেছে।
তিনি বলেন, বিএনপি একটি শান্তিপূর্ণ রাজনৈতিক দল এবং এর কর্মীরা শৃঙ্খলাপরায়ণ। নির্বাচনকে সামনে রেখে একটি মহল পরিকল্পিতভাবে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। মির্জা আব্বাসের দাবি, যাদের নির্বাচনী রাজনীতির বাস্তব অভিজ্ঞতা নেই, তারাই বিএনপিকে হেয় করার চেষ্টা করছে।
নির্বাচনী পরিবেশ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, প্রতিযোগিতা থাকবে, তবে তা অবশ্যই উৎসবমুখর হতে হবে। বিদ্যমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে সবাইকে সংযম ও ধৈর্য বজায় রাখার আহ্বান জানান তিনি।
সমাবেশে বক্তব্যের এক পর্যায়ে তিনি কিছু তরুণের আচরণে শালীনতার অভাবের কথা উল্লেখ করেন। এ ধরনের আচরণ রাজনীতির সুস্থ পরিবেশের জন্য ক্ষতিকর বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
/ইউএমএইচ