আবু সাইদ-মুগ্ধরা প্রচলিত নিয়মে দেশ পরিচালনার জন্য জীবন দেয়নি বলে মন্তব্য করেছেন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
বুধবার বিকেলে (২৮ জানুয়ারি) কুড়িগ্রাম শহরে স্বাধীনতার বিজয় স্তম্ভে এক নির্বাচনি জনসভায় এ কথা বলেন তিনি।
মুহাম্মাদ রেজাউল করীম বলেন, পাঁচ আগস্টের পর দেশের মানুষের সব অধিকার প্রতিষ্ঠার একটা সুযোগ এসেছিল। সেই সুযোগটি কাজে লাগানোর জন্য আমরা চেষ্টাও করেছিলাম। পরিবেশেও হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, সেখানে ক্ষমতালোভীরা বিভিন্ন ষড়যন্ত্র শুরু করল।
তিনি বলেন, আবু সাইদ তার বুক পেতে দিয়ে বৈষম্য কেন দূর করতে চেয়েছিল? মুগ্ধ পানি, পানি করে মাটিতে লুটিয়ে পড়েছিল। তারা প্রচলিত নিয়মে দেশ পরিচালনার জন্য ত্যাগ স্বীকার করেন নাই। অথচ বিএনপি ও জামায়াতের নেতৃত্বাধীন জোট পরিষ্কারভাবে বলেছে, তারা ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না। তারা প্রচলিত নিয়মে দেশ পরিচালনা করবে। যদি তাই হয়, তাহলে এই জীবনগুলো দেওয়ার কী দরকার ছিল?
মুহাম্মদ রেজাউল করিম অভিযোগ করেন, যে নীতি আদর্শের মাধ্যমে দেশ ৫২/৫৪ বছর চলেছে, তাতে বাংলাদেশের মানুষের চাওয়া-পাওয়া কিছুই বাস্তবায়ন হয়নি। সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য লাখ লাখ মানুষ জীবন দিলেও এর বিনিময়ে আমরা পাঁচবার চোরের দিক থেকে সারা বিশ্বে প্রথম হয়েছি।
এসময় ইসলামের পক্ষের একটি মাত্র দল দাবি করে ইসলামি আন্দোলন বাংলাদেশের হাত পাখায় ভোট দেবার আহ্বান জানান চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
জনসভায় কুড়িগ্রাম-২ আসনের ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী নুর বখত মিয়াসহ জেলা ও উপজেলা পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এফআর