শেরপুরে জামায়াত নেতাকে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

সময়ের আলো ডেস্ক

জাতীয়

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানের মঞ্চে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের সংঘর্ষ হয়। এ ঘটনায় শ্রীবরদী

2026-01-29T13:49:24+00:00
2026-01-29T13:49:24+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
শেরপুরে জামায়াত নেতাকে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১:৪৯ পিএম   (ভিজিট : ২০০)
শেরপুর-৩ আসনে জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হয়েছেন। সংগৃহীত ছবি
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানের মঞ্চে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের সংঘর্ষ হয়। এ ঘটনায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেছেন। জামায়াত নেতাকে হত্যার ঘটনায় বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। 

প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে, বিএনপির সঙ্গে জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষের একপর্যায়ে দৌড়াতে গিয়ে মাটিতে পড়ে যান রেজাউল করিম। এ সময় কয়েকজন তাকে বেধকড় পেটান। এমনকি কয়েকজন তাকে মাথায় ইট দিয়ে আঘাত করেন।

পরে জামায়াতের নেতাকর্মীরা আহত রেজাউল করিমকে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং পরে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টা নাগাদ মারা যান তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতায় এটাই প্রথম মৃত্যু। রেজাউল করিমের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। চিকিৎসকরা বলছেন, অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণে মারা গেছেন তিনি।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে বুধবার (২৮ জানুয়ারি) শেরপুর-৩ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকে বিভিন্ন দলের প্রার্থী ও সমর্থকরা সেখানে জড়ো হতে থাকেন। অনুষ্ঠানে সামনের সারিতে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় কয়েকশ চেয়ার ভাঙচুর করা হয়। উভয়পক্ষের শতাধিক নেতাকর্মী আহত হন। পরে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। 

এ ঘটনায় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঞা গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে। 

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরবর্তী সময়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে দেওয়া এক পোস্টে শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল রেজাউল করিমের মৃত্যুর তথ্য জানান। পোস্টে তিনি জানান, বর্বরোচিত হামলায় আমাদের শ্রীবরদী উপজেলা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হয়েছেন। এ হামলায় আমাদের ৫০ জনেরও বেশি নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।


/ইউএমএইচ



  বিষয়:   শেরপুর-৩  জামায়াত নেতা  হত্যা  চাঞ্চল্যকর তথ্য 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: