প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৫:০৩ পিএম আপডেট: ২৯.০১.২০২৬ ৫:০৩ পিএম
শহিদ শরিফ ওসমান বিন হাদি। সংগৃহীত ছবিইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান বিন হাদিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবার পিছিয়েছে। আদালত নতুন করে ৩ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের জন্য ধার্য করেছেন। এ নিয়ে মামলার অধিকতর প্রতিবেদন দাখিলের তারিখ তিনবার পেছাল।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা পুলিশি অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এই দিন প্রতিবেদন দাখিল করতে পারেনি। ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ নতুন তারিখ ধার্য করেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মো. রুকনুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
শরিফ ওসমান বিন হাদি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ছিলেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। ১২ ডিসেম্বর, নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন, তিনি ঢাকার পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় গুলিবিদ্ধ হন। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার প্রথম সার্জারি করা হয় এবং পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে, সেখানেই ১৮ ডিসেম্বর রাতে মারা যান তিনি।
এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ১৪ ডিসেম্বর পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেছিলেন। পরে এটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।
মামলাটি ডিবি তদন্ত করে ৬ জানুয়ারি ১৭ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছিল। ১৫ জানুয়ারি মামলার বাদী অভিযোগপত্রের বিষয়ে আদালতে নারাজি আবেদন দেন। এর পরিপ্রেক্ষিতে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন এবং ২০ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেন। কিন্তু সেদিনও প্রতিবেদন দাখিল না হওয়ায় ২৫ জানুয়ারিতে নতুন তারিখ ধার্য করা হয়। আজও প্রতিবেদন দাখিল না হওয়ায় আবার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
/ইউএমএইচ