আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আবেদনের ওপর আগামী রোববার আদেশ দেবেন সুপ্রিম কোর্ট। একই আসনে এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা এখনও বহাল রয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ শুনানি শেষে আদেশের তারিখ ধার্য করেন।
এর আগে, ঋণখেলাপি অভিযোগে নির্বাচন কমিশন (ইসি) গত ১৭ জানুয়ারি মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করে। এরপর তিনি হাইকোর্টে রিট দায়ের করেন। ২১ জানুয়ারি হাইকোর্ট তার আবেদন খারিজ করে ইসির সিদ্ধান্ত বহাল রাখে। এরপর ২২ জানুয়ারি সুপ্রিম কোর্টে আবেদন করেন মঞ্জুরুল আহসান মুন্সী।
এদিন শুনানিতে মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, রুহুল কুদ্দুস কাজল,মোস্তাফিজুর রহমান খান ও মুহাম্মদ শহীদুল্লাহ মামুন।
অন্যদিকে, এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. সালাহউদ্দিন দোলন ও মোহাম্মদ হোসাইন লিপু।
আবেদনের বিষয়ে আইনজীবী মুহাম্মদ সাইফুল্লাহ মামুন জানান, মঞ্জুরুল আহসান মুন্সী সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সঙ্গে ঋণ পুনঃতফসিল করেছেন। তাই তিনি আর ঋণখেলাপি নন।
সময়ের আলো/এনএ