কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ-২০২৬ নীতিগত অনুমোদনসহ ১১টি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেন, ‘বৈঠকে পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশের খসড়া নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। সেই সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদ অধ্যাদেশ-২০২৬-এর খসড়া চূড়ান্ত এবং বাংলাদেশ প্রাণী ও প্রাণীজাত পণ্য সংঘনিরোধ অধ্যাদেশ-২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। বৈঠকে জাতীয় ক্রীড়া পরিষদ অধ্যাদেশ ২০২৬-এর খসড়া চূড়ান্ত অনুমোদিত হওয়ায় এখন থেকে মহানগর পর্যায়েও ক্রীড়া সংস্থা গঠন করা যাবে। এর ফলে, ঢাকা, চট্টগ্রাম বা গাজীপুরের মতো মহানগরে স্থানীয় পর্যায়ে খেলাধুলার মানোন্নয়নে বিশেষ কাউন্সিল কাজ করতে পারবে। ‘পশু ও পশুজাত’ নাম বদলে ‘প্রাণি ও প্রাণিজাত পণ্য সংঘনিরোধ অধ্যাদেশ’ করার সিদ্ধান্ত হয়েছে।’
তিনি বলেন, ‘আগের আইনের নামটিকে শ্রুতিকটু হিসেবে উল্লেখ করে এই পরিবর্তন আনা হয়েছে। একইসঙ্গে অধ্যাদেশে বিদ্যমান আইনের ধারা ১৫-তে কর্মকর্তাদের ‘দায়মুক্তি’র বিধানও বিলুপ্ত করা হয়েছে। বৈঠকে প্রতিবছর ২৩ মার্চকে ‘বিএনসিসি ডে’ হিসেবে ঘোষণার প্রস্তাব অনুমোদন করা হয়।’
প্রেস সচিব বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে বৈঠকে জাতিসংঘের নির্যাতন ও অন্যান্য নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণ বা শাস্তিবিরোধী কনভেনশনের ৭০(১) ধারার আওতায় বাংলাদেশ কর্তৃক পূর্বে দেওয়া ঘোষণা প্রত্যাহারের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সেই সঙ্গে ক্যারিবীয় দেশ গায়ানায় বাংলাদেশের একটি নতুন কূটনৈতিক মিশন (সারফেয়ার্স/লোয়ার লেভেল মিশন) খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এ ছাড়া, ২০২৫-২৮ মেয়াদের জন্য নতুন আমদানি নীতি আদেশের খসড়া অনুমোদিত হয়েছে, জানিয়ে শফিকুল আলম জানান, এখন থেকে শুল্কায়ন হবে ইলেকট্রনিক পদ্ধতিতে। আগে কোনো আমদানিকৃত পণ্যের টেস্টিং ফলাফল একবার খারাপ আসলে আর সুযোগ থাকত না, এখন দ্বিতীয়বার টেস্ট করানোর সুযোগ রাখা হয়েছে।
তিনি আরও জানান, এর ফলে, পরিবেশ আরও ব্যবসাবান্ধব হবে। রফতানি বৃদ্ধি পাবে। তৈরি পোশাক, চামড়া ও জাহাজ নির্মাণ শিল্পসহ রফতানিমুখী প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় উপকরণ ‘ফ্রি অব কস্ট’ ভিত্তিতে আনতে পারবে। আন্তর্জাতিক পারিবারিক আইনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে নেদারল্যান্ডসের হেগভিত্তিক হেগ কনভেনশন অন সিভিল অ্যাসপেক্টস অব ইন্টারন্যাশনাল চাইল্ড অ্যাবডাকশন-১৯৮০-এ বাংলাদেশের পক্ষভুক্ত হওয়ার প্রস্তাব বৈঠকে অনুমোদন পেয়েছে। এতে প্রবাসে বিচ্ছেদ হওয়া দম্পতিদের সন্তানদের কাস্টডি বা দেখাশোনার বিষয়টি এখন থেকে আরও স্মুথলি সমাধান করা যাবে। কোনো বাবা অথবা মা যদি সন্তানকে অন্য দেশে নিয়ে যান, তবে অপর প্যারেন্ট যাতে সহজেই ভিজিটিং অ্যাক্সেস পান বা আইনি সহায়তা পান, এই কনভেনশন তা নিশ্চিত করবে।
পাশাপাশি নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ-২০২৬ এবং কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ-২০২৬ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। ফলে, এই দুই গুরুত্বপূর্ণ নগরের পরিকল্পিত উন্নয়নে নতুন গতি আসবে।
প্রেস সচিব আরও বলেন, ‘এসব সিদ্ধান্ত নারীদের সুরক্ষা, মানবাধিকার, ক্রীড়া উন্নয়ন, আন্তর্জাতিক কূটনীতি, বাণিজ্য ও নগর উন্নয়নে কাঠামোগত সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।’
সময়ের আলো/এনএ