নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, ‘৮ ফেব্রুয়ারি পর্যন্ত আদালত যদি কারও প্রার্থিতা পুনর্বহাল করেন বা ফিরিয়ে দেন তাহলে সেই পর্যন্ত আমরা পোস্টাল ব্যালটে তাদের অন্তর্ভুক্তির বিষয়টা বিবেচনায় নেব বা করা যেতে পারে। কিন্তু ৮ ফেব্রুয়ারির পরে যদি কারও প্রার্থিতা পুনর্বহাল হয় সেক্ষেত্রে পোস্টাল ব্যালট তাদের ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার সুযোগ নেই। কারণ ব্যালট ছাপিয়ে ভোটারদের পাঠিয়ে তারপরে রিটার্নিং অফিসারের ফেরত পেতে যে সময়টুকু দরকার, সে নূন্যতম সময়টুকু থাকবে না। কাজে চেক আউট ডেট হচ্ছে ৮ ফেব্রুয়ারি।’
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
এ সময় নির্বাচনী প্রচারণার ব্যানারের পরিমাপের বিষয়ে ইসি সচিব বলেন, ‘ব্যানার তৈরি করতে হবে ১০ ফুট বাই চার ফুট। এই হচ্ছে আচরণ বিধিমালায়। ব্যানার রঙিন করা যাবে না। কিন্তু ডিজিটাল ডিসপ্লে বোর্ডে রঙিনটা আসার কথা। পিভিসি যদি ব্যবহার করে থেকে থাকে তাহলে সেটা আচরণবিধির ব্যতিক্রম এবং রিটার্নিং অফিসাররা সে ব্যাপারে ব্যবস্থা নেবেন।’
যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষকদের বিষয়ে ইসি সচিব বলেন, ‘ইউএস গভর্নমেন্ট স্পন্সরড অবজারভার আসবেন না। কিন্তু ইউএস থেকে অবজারভার আসবেন, তারা ইন্ডিপেন্ডেন্ট। অবজারভারদের তালিকার পদ্ধতি যেটা আছে, সে পদ্ধতি অনুসরণ করেই আসবেন। কিন্তু যেহেতু একটা কথা এসেছে যে তাহলে কি ইউএস থেকে কেউ আসবে না, সেই জিনিসটাকে ক্লিয়ার করলাম।’
সময়ের আলো/এনএ