সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের নির্বাচনি প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ১১টায় দিরাই উপজেলার বরাম হাওরের কাদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে, এ ঘটনার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। দিরাই উপজেলার থানা পয়েন্ট এলাকায় শিশির মনিরের কর্মী-সমর্থকরা ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।
এছাড়াও দিরাই শহরে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে জামায়াত সমর্থকরা।
জানা যায়, সুনামগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শিশির মনিরের প্রচারণার কাজে একটি গাড়ি প্রতিদিন সন্ধ্যার পর থেকে বিভিন্ন জায়গায় এলইডির মাধ্যমে নির্বাচনি এলাকায় ঘুরতে থাকে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেও দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ধল বাজারে প্রচারণা চালায়।
একপর্যায়ে রাতে ৩/৪ টা মোটরসাইকেল প্রচার গাড়ির কাছে এসে ভয় ভীতি দেখিয়ে প্রচার কাজ বন্ধ করে চলে যেতে বলে। তাদের কথামতো গাড়িটি দিরাই শহরে চলে আসার পথে বরাম হাওরের কাদিরপুর এলাকায় মোটরসাইকেলে আসা কয়েকজন গাড়িটিতে হামলা ও ভাংচুর চালায়। এতে দুইজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী সময়ের আলোকে জানান, হামলা ও ভাংচুরের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
এফআর